‘গতবারের চেয়ে এবার পদ্মার পানি অনেক বেশি বাড়ছিল। কমলেও পানি এখনো আছে। তবে এই পানি ঈদ পর্যন্ত থাকলে ফেরি পারাপারে সমস্যা হবে না।’
কথাগুলো বলছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ফেরি এনায়েতপুরীর হেডমাস্টার (প্রধান চালক) শামসুল হক ভূঁইয়া। দেশের বিভিন্ন নৌপথে দীর্ঘ ২৬ বছর ফেরি চালিয়ে আসছেন। এখন চালাচ্ছেন মাওয়া এলাকার শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে।
কাঁঠালবাড়ি ঘাটের দিকে যাওয়ার সময় এনায়েতপুরীর চালকের কক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় কথা হয় শামসুল হকের সঙ্গে। লৌহজং চ্যানেলের দিকে ফেরিটি ঘোরানোর সময় কথা থেমে গেল মধ্যবয়সী এই ব্যক্তির। সহকর্মীদের একটু সতর্ক করলেন তিনি। মিনিট কয়েক পর শামসুল হক বলেন, ‘পদ্মার পানি কমে আসছে। তবে স্রোত কমেনি। এই স্রোতের সঙ্গে পদ্মা বয়ে আনছে পলি। এই পলি মাটি জমছে নদীর দুই পাড়ে। কোথাও কোথাও ডুবোচরও থাকে। তাই ফেরি আটকে যাওয়ার আশঙ্কায় সাবধানে চালাচ্ছি।’
লৌহজং চ্যানেলের প্রবেশমুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা চারটি ড্রেজার (নদী খননের যন্ত্র) দেখা গেল। এনায়েতপুরী ফেরি ড্রেজারগুলোর কাছ আসতে দেখা গেল, এগুলোর ওপরে লেখা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ড্রেজারগুলোর মধ্যে কয়েকটির সঙ্গে এর পাইপলাইনও বিচ্ছিন্ন অবস্থায় ছিল। চারটির মধ্যে একটি ড্রেজারের পাইপ থেকে পলি মেশানো পানি লৌহজং চ্যানেলের মুখে ফেলার কাজ চলছিল।

নদী খননের কাজ তো চলছে, এত সাবধানতার প্রয়োজন কী?
জানতে চাইলে শামসুল হক ভূঁইয়া কোনো মন্তব্য করলেন না। তিনি বললেন, লৌহজং চ্যানেলের মুখে গভীরতা বেশি থাকলেও প্রশস্ত হলে ফেরি চালাতে সুবিধা হয়। পারাপারে সময়ও কম লাগে।
শামসুল হক ভূঁইয়া জানান, পানি বেশি থাকায় এখন লৌহজং বিকল্প চ্যানেল দিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি একবার যেতে হয়। এতে সময় লাগে দুই ঘণ্টার বেশি। আগে লাগত দেড় ঘণ্টা। শিমুলিয়ায় ফেরার সময় এই বিকল্প চ্যানেল চলতে হয় না। তাই মাত্র ১ ঘণ্টা ২০ মিনিটে ফেরা যায়।

তবে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নিয়মিত চলাচলকারী নৌযানের কয়েকজন চালকের অভিযোগ, পানি কমার সময় এই ড্রেজিংয়েই নদী পারাপারে বিপত্তি ডেকে আনে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, লৌহজং চ্যানেল হয়ে পদ্মা সেতু প্রকল্পের জন্য যেতে হয় জাজিরা প্রান্তে। মালামাল পরিবহনের জন্য চীনা প্রতিষ্ঠান চায়না সিনোহাইড্রো কোম্পানি নিজেদের ড্রেজার দিয়ে নদী খনন করছে। নদীর তলদেশ দিয়ে পাইপ ঢুকিয়ে পলি মেশানো পানি চরের মাঝখানে ফেলে থাকে তারা। এতে ফেরি বা লঞ্চ চলাচলে অসুবিধা হয় না। কিন্তু বিআইডব্লিউটিএ ড্রেজারগুলো থেকে পলি ফেলে দেয় চরের ধারে কিংবা চ্যানেলের একেবারে মুখে। এ কারণে পলি আবারও জমে যায়। কাজের কাজ কিছুই হয় না।
নৌযানের এক ইঞ্জিন কর্মকর্তা জানান, চায়না সিনোহাইড্রোর চরের মাঝখানে পলি ফেলার সঙ্গে সঙ্গে চারপাশে পলিথিন দিয়ে দেয়। এর ফলে পলি নদীর পানিতে আর মিশে যায় না। চীনাদের তুলনায় বিআইডব্লিউটিএর ড্রেজারগুলোর নদী খননের কাজ চলে ধীরগতিতে। কাজও সম্পূর্ণ বিপরীত।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, লৌহজং চ্যানেলের মুখে বারবার পলি জমায় ইঞ্জিনে অতিরিক্ত চাপ দিতে হয়। স্রোত বেশি থাকলে ফেরি ঘুরে আসতে হয়। এতে করে জ্বালানি খরচ বেড়ে যায়, পারাপারে সময় বেশি লাগে। ঈদের সময় এমন পরিস্থিতি হলে যানজট হতে পারে।

বিআইডব্লউটিসির সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, লৌহজং চ্যানেলের প্রবেশমুখ প্রশস্ত ও গভীর হলে ফেরি চলাচলে সুবিধা হতো। তবে আমাদের চালকেরা অভিজ্ঞতার পরিচয় দিয়ে ফেরি চালিয়ে যাচ্ছেন।
তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের দাবি, নদী খননের পর পলি ফেলার জায়গা নেই। তাই নদীর পাড়ে পলি ফেলতে হচ্ছে। এতে কোনো সমস্যা নেই। বন্যার কারণে পলি জমেছে জানিয়ে বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং মাওয়া) সুলতান আহমেদ প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু প্রকল্পের কাজে বিশাল জায়গা অধিগ্রহণ করা হয়েছে। সেখানে চীনা প্রতিষ্ঠান মাটি ফেলছে। তাদের জায়গায় আমাদের মাটি ফেলতে দেয় না। মাটি ফেলতে আমাদের উঁচু জায়গাও নেই। নৌযান চলাচলের বৃহত্তর স্বার্থে প্রতিবছর চরের পাশে পলি ফেলতে হয়। এতে কোনো সমস্যা হয় না।
সুলতান আহমেদ বলেন, ‘ঈদের সময় নৌযান চলাচলে সমস্যা হবে না। বন্যায় পলি পড়ে যে সমস্যা হয়েছিল, তা চিহ্নিত করে খনন কাজ চলছে। আশা করছি দু-তিন দিনের মধ্যে পরিস্থিতি কাটিয়ে ওঠা যাবে।’