সাগর থেকে বালু তুলতে না পেরে এবার পাহাড়কাটা মাটি দিয়ে ভরাট করা হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকতের বেলাভূমি। কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে এ কাজ করছে ‘সি ওয়েভ’ নামের হোটেল কর্তৃপক্ষ।এর আগে কলাতলী পয়েন্টে যন্ত্রের মাধ্যমে সাগর থেকে বালু তুলে বাঁধ তৈরি করছিল সি ওয়েভ হোটেল কর্তৃপক্ষ। এ নিয়ে ৪ নভেম্বর প্রতিবেদন প্রকাশিত হলে পরের দিন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ওই বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দেন এবং বালু তোলার যন্ত্র জব্দ করেন। কয়েক দিন বন্ধ রাখার পর ওই স্থানে আবার মাটি ফেলা শুরু করেছে হোটেল কর্তৃপক্ষ।গত রোববার সকালে কলাতলী পয়েন্টে গিয়ে দেখা যায়, ট্রাকভর্তি করে পাহাড়কাটা মাটি এনে ফেলা হচ্ছে। এরই মধ্যে বেশ জায়গা ভরাট করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রাকচালক জানান, কলাতলী ও আদর্শগ্রামের পাহাড় কেটে এই মাটি আনা হচ্ছে। রোহিঙ্গাদের দিয়ে ওই পাহাড় কাটা হচ্ছে।স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গত বৃহস্পতিবার থেকে নতুন করে মাটিভরাটের কাজ শুরু হয়। তবে এর মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের কেউ সেখানে যাননি। ঈদে প্রশাসনের কর্মকর্তারা ছুটিতে গেলে পুরোদমে মাটি ফেলে সৈকতের ওই জায়গা দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। এ জন্য শতাধিক শ্রমিকও ঠিক করা হয়েছে।সি ওয়েভ হোটেলের কর্মকর্তা এনামুল হক বলেন, ‘পাহাড় কেটে নয়, সমতল জমি থেকে মাটি কিনে সৈকতে আমাদের কেনা জায়গা ভরাট করা হচ্ছে। নিজের জমি ভরাট করলে কারও ক্ষতির কিছু দেখছি না।’গত শনিবার দুপুরে ‘কক্সবাজার সিভিল সোসাইটির’ (জেলার সচেতন ব্যক্তিদের নিয়ে গড়া সংগঠন) একটি প্রতিনিধিদল সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ পাহাড়কাটা মাটি ফেলে সৈকতের জায়গা দখল করছে। অথচ সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না।’পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় এসেছি। নতুন করে সৈকত ভরাটের খবর পেয়েছি। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের পরিচালক (আইন) মনির চৌধুরীকে জানিয়েছি। তিনি সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেবেন।’জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, সি ওয়েভ কর্তৃপক্ষ সৈকতের পাশে তাদের নিজেদের কিছু জমি সমুদ্রের গ্রাস থেকে রক্ষার জন্য একটি প্রতিরক্ষা বাঁধ তৈরির অনুমতি নিয়েছিল। সমুদ্রসৈকত থেকে বালু তুলে বাঁধ দেওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়। এখন তারা যদি আবার পাহাড়কাটা মাটি দিয়ে সৈকত ভরাট করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।