এবার পিআইও কার্যালয়ে তালা ঝুলিয়েছেন তিনি
কুষ্টিয়ার দৌলতপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফজিলাতুন নেছা। ভিজিএফের বরাদ্দ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তালা ঝুলিয়ে দেওয়ায় ভেতরে আটকা পড়েন পিআইও সাইদুর রহমান ও অফিস সহকারী জাকির হোসেন। পৌনে এক ঘণ্টা পর প্রশাসনের সহায়তায় তালা খুলে পিআইও ও অফিস সহকারীকে মুক্ত করা হয়।ভাইস চেয়ারম্যান ফজিলাতুন নেছার বলেন, রমজান মাসে অসহায় ও দরিদ্রদের জন্য সরকার ভিজিএফ বরাদ্দ দেয়। ইউএনও ও পিআইও তাঁদের না জানিয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বরাদ্দ দেন। জনগণের ভোটে নির্বাচিত ভাইস চেয়ারম্যানদের জন্য ভিজিএফের কোনো বরাদ্দ না দেওয়ায় তিনি পিআইও কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। পিআইও সাইদুর রহমান বলেন, গত ৩০ জুলাই উপজেলা সভাকক্ষে এই বরাদ্দ নিয়ে আলোচনা সভায় ওই ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সরকারি নীতিমালা অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে দৌলতপুরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে ভিজিএফ বণ্টন করা হয়। এ বরাদ্দ ভাইস চেয়ারম্যানদের নামে দেওয়ার কোনো বিধান নেই। তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার মহিলা ভাইস চেয়ারম্যান তাঁর কার্যালয়ে প্রবেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে শান্ত হতে বললে তিনি বাইরে থেকে তালা মেরে দেন। ইউএনও অরুণ কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, প্রায় দুই মাস আগে ওই ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। এ ব্যাপারে আইনগতভাবে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।