এবার পিরোজপুর ও ময়মনসিংহে ৫৭ ধারায় মামলা
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় আরও দুটি মামলা হয়েছে। এবারও অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংসদদের নিয়ে কটূক্তি করা। একটি মামলা হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া, অন্যটি ময়মনসিংহের নান্দাইলে। দুটি মামলাই করেছেন দুই সাংসদের অনুসারীরা।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ রুস্তম আলী ফরাজীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করায় রাজপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির হোসেনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ মামলা হয়। উপজেলার বাদুড়তলী গ্রাামের বাসিন্দা ও সাংসদের অনুসারী শাহাদাৎ হোসেন মামলাটি করেন।
জানতে চাইলে বশির হোসেন প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি সাংবাদিক আজমল হক ও যুবলীগ নেতা নুরুল আমিনের বিরুদ্ধে সাংসদের এক অনুসারী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন। ওই ঘটনায় আমি ব্যথিত হয়ে সাংসদ রুস্তম আলী ফরাজীকে নিয়ে ফেসবুকে ওই মন্তব্য করেছি।’
এর আগে ৬ জুলাই সাংসদ রুস্তম আলী ফরাজীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি করে’ মন্তব্য করায় সকালের খবর–এর জ্যেষ্ঠ প্রতিবেদক আজমল হক ও উপজেলার সাপলেজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুল আমিনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করা হয়। এ ছাড়া ২৪ জুলাই সাংসদকে হত্যাচেষ্টার অভিযোগে সাপলেজা ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১০ নেতার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন সাংসদের একান্ত সচিব মাসুম বিল্লাহ।
এদিকে ময়মনসিংহের নান্দাইলের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় এক তরুণকে গত বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে গত বুধবার তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ওই তরুণ ফেসবুকে স্থানীয় সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালান।
গ্রেপ্তার হওয়া তরুণের নাম মো. মনোয়ার হোসেন ওরফে মন্টু খান (২৮)। তিনি নান্দাইল উপজেলার সুরাশ্রম গ্রামের শহীদ মিয়ার ছেলে।
মামলার বাদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান (রিপন) প্রথম আলোকে বলেন, সাংসদের বিরুদ্ধে অশ্লীল ও অশালীন বাক্য লিখে ফেসবুকে প্রচার করা উসকানিমূলক কাজ। তাই তিনি এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খান নান্দাইলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা শুরু করেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, এজাহারে যা বলা হয়েছে, তাতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(১) ধারায় সংগঠিত অপরাধের উপাদান রয়েছে। এ কারণে মামলাটি ওই ধারায় নেওয়া হয়েছে।
মামলার আসামি মন্টু খানকে পুলিশ গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে। ওই দিনই তাঁকে আদালতে পাঠানো হয়।