এবার পিলপিলের ৩২ ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলিয়েটের পর পিলপিল। বলা হচ্ছে, পূর্ব সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রের কুমির প্রজননকেন্দ্রের দুই নারী-কুমিরের কথা। গত সোম ও মঙ্গলবার জুলিয়েটের ডিম ফুটে ২৭টি ছানার জন্ম হয়। এরপর গত বুধবার পিলপিলের ডিম ফুটে জন্ম নিয়েছে ৩৫টি ছানা। এর মধ্যে তিনটি মারা গেছে।এই প্রজননকেন্দ্রে জুলিয়েটের পর এই প্রথম অন্য কোনো কুমিরের ডিম থেকে ছানার জন্ম হলো। জুলিয়েটের ডিম থেকে গত সাত বছরে ১৭৫টি ছানা জন্মে।বন বিভাগ সূত্র জানায়, পিলপিল গত ১৭ মে ৪০টি ডিম দেয়। এর মধ্যে পাঁচটি ভেঙে যায়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কুমির বিশেষজ্ঞ আ. রবের তত্ত্বাবধানে গত বুধবার ৩৫টি ডিম থেকে ছানার জন্ম হয়। আ. রব জানান, কুমির পিলপিল এ বছরই প্রথম ডিম দেয়। বয়সের তুলনায় অতিরিক্ত ডিম দেওয়ায় তা থেকে জন্ম নেওয়া বাচ্চাগুলো খুবই দুর্বল। প্রজননকেন্দ্রে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট কুমিরের সংখ্যা দাঁড়াল ১৪৩টি। এর মধ্যে বড় কুমির পাঁচটি। চারটি নারী-কুমির, একটি পুরুষ-কুমির। একমাত্র পুরুষ-কুমিরটির নাম রোমিও।বিলুপ্তপ্রায় লবণাক্ত পানির প্রজাতির কুমিরের প্রজনন বৃদ্ধি ও লালন-পালনের জন্য ২০০২ সালে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রকল্পের আওতায় ৩২ লাখ টাকা অর্থায়নে আট একর জায়গার ওপর দেশের একমাত্র সরকারি এই কুমির প্রজননকেন্দ্র গড়ে তোলা হয়।কেন্দ্রে কুমিরের খাদ্যের অভাব রয়েছে। বন বিভাগ থেকে যে বরাদ্দ পাওয়া যায়, তা প্রয়োজনের তুলনায় মাত্র ৩০ শতাংশ। কুমিরের চিকিৎসার জন্য আলাদা কোনো বরাদ্দও নেই।বরাদ্দস্বল্পতার কথা স্বীকার করে সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো প্রথম আলোকে বলেন, অর্থ বরাদ্দ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।