এবার পিলপিলের ৩৭ ছানা

সুন্দরবন করমজল কুমির প্রজননকেন্দ্রের কুমির পিলপিলের ডিম থেকে গত সোমবার দুপুরে ৩৭টি বাচ্চার জন্ম হয়েছে। সবগুলো বাচ্চাই সুস্থ আছে। বাচ্চাগুলোকে ২৪ ঘণ্টা নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখার পর আজ মঙ্গলবার কেন্দ্রের লালনপালন প্যানে ছেড়ে দেওয়া হবে।
এর আগে গত ৫ মে এই কেন্দ্রের অন্য নারী কুমির জুলিয়েটের ৫১টি ডিম থেকে ৩৬টি বাচ্চার জন্ম হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, কুমির পিলপিল গত ২৮ মে প্রজননকেন্দ্রে ৬১টি ডিম দেয়। ডিমগুলো এরপর কেন্দ্রের কর্মচারী জাকির হেসেনের তত্ত্বাবধানে টানা ৮৮ দিন কেন্দ্রের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়। সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা, পর্যাপ্ত অক্সিজেন ও আলোর ব্যবস্থা এবং পানি যাতে প্রবেশ করতে না পারে, সেখানে সে বিষয়গুলো নিশ্চিত করা হয়। এ পরিবেশে রাখার পর ওই ডিম থেকে গত সোমবার বেলা একটায় ৩৭টি বাচ্চা ফুটে বের হয়। ভ্রূণের মৃত্যু ও অনিষিক্ত হওয়ার কারণে এবার ২৪টি ডিম নষ্ট হয়ে গেছে।
সোমবার দুপুরে করমজল বন্য প্রাণী ও কুমির প্রজননকেন্দ্রে গিয়ে দেখা যায়, পরীক্ষাগারে রাখা ডিমগুলোর খোসা ভেঙে বাচ্চা বের করছেন কুমির প্রজননকেন্দ্রের সহকারী কর্মকর্তা তৌহিদুর রহমান ও জাকির হোসেন। বচ্চাগুলো ডিম থেকে বের হওয়ার পর তাঁরা পানি দিয়ে পরিষ্কার করে একটি পাত্রে রাখছেন। তৌহিদ জানান, পিলপিলের বয়স ২১ বছর। পাঁচ বছর ধরে সে ডিম দিয়ে আসছে। তার প্রতিটি ডিমের গড় ওজন ছিল ১১৩ গ্রাম আর জন্ম নেওয়া বাচ্চার গড় ওজন দাঁড়ায় ৭২ গ্রামে। বাচ্চাগুলো গড়ে ২৯ দশমিক ৩ সেন্টিমিটার লম্বা।
বাংলাদেশে তিন প্রজাতির কুমিরের অস্তিত্ব ছিল। এর মধ্যে মিঠাপানির কুমির ও ঘড়িয়ালের বিলুপ্তি ঘটেছে। এখন শুধু লবণপানির কুমিরের অস্তিত্বই আছে।
বিলুপ্তপ্রায় লবণপানি প্রজাতির কুমিরের প্রজনন বাড়ানো ও লালনপালনের জন্য ২০০২ সালে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয় দেশের একমাত্র সরকারি এ কুমির প্রজননকেন্দ্র। বর্তমানে কেন্দ্রে লবণপানির পূর্ণ বয়স্ক দুটি নারী কুমির-জুলিয়েট ও পিলপিল এবং একটি পুরুষ কুমির রোমিও রয়েছে। ২০১১ সাল থেকে পিলপিল ডিম দেওয়া শুরু করে। প্রথম বছরে তার ৪০টি ডিম থেকে ৩২টি বচ্চা পাওয়া যায়। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত জুলিয়েট ও পিলপিলের দেওয়া ৬৮৭টি ডিম থেকে ৪২৯টি বাচ্চা ফুটিয়েছে এ কেন্দ্র।
করমজল কুমির প্রজননকেন্দ্র থেকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্ক, পটুয়াখালী বন বিভাগ ও সুন্দরবনের বিভিন্ন নদী খালে শতাধিক কুমির অবমুক্ত করা হয়েছে। এখন ৩৭টি বাচ্চাসহ কেন্দ্রে কুমিরের সংখ্যা ২৭৫টি।
কুমিরের বংশবিস্তারে ভূমিকা রাখলেও প্রজননকেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত। সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ‘কেন্দ্রে এখন কোনো কুমিরবিশেষজ্ঞ নেই। ’