এবার পুরস্কারের ঘোষণা দিল ডিএমপি
নাশকতাকারীদের ধরিয়ে দিলে এবার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এর আগে সরকার ও পুলিশের বিশেষ ব্যাটালিয়ন র্যাব নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল।
ডিএমপির মিডিয়া সেন্টারে গতকাল সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার বলেন, ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজধানীতে ১২টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, ১২০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ পর্যন্ত এসব ঘটনায় ১৪৯টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ৬৩৩ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১০৫ জনকে অগ্নিসংযোগ ও বোমা ছোড়ার সময় পুলিশ ও জনতা হাতেনাতে ধরেছে। ২৮ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত নাশকতার অভিযোগে রাজধানীেত পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার মামলার হুকুমের আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে ডিএমপির কমিশনার বলেন, সাক্ষ্য প্রমাণ মিললেই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ অনুমানের ওপর কাজ করে না। কাউকে গ্রেপ্তারের আগে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তদন্ত শেষেই গ্রেপ্তার করে। অপরাধী যেই হোক, তার সামাজিক পরিচিতি যা-ই হোক না কেন, নাশকতার হুকুমদাতা, আশ্রয়দাতা ও অর্থদাতা—সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না।
পুরস্কারের ঘোষণা দিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীতে গাড়িতে অগ্নিসংযোগের সময় হাতেনাতে গ্রেপ্তারে সহায়তা করলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পেট্রলবোমা বা হাতবোমা নিক্ষেপের সময় হাতেনাতে গ্রেপ্তারে সহায়তা করলে দেওয়া হবে ৫০ হাজার টাকা। আর বোমা তৈরি বা মজুতের তথ্য দিলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
এর আগে ২১ জানুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু নাশকতাকারীদের ধরিয়ে দিলে সরকারের পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। একই কাজের জন্য ২৪ জানুয়ারি র্যাব আট ক্যাটাগরিতে দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করে।
গতকাল গুলিস্তান এলাকায় নাশকতা রোধে সচেতনতামূলক লিফলেট বিলি করেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অনেকগুলো হামলা ঠেকানো গেছে। তিনি নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাহায্যকারী পাঁচজনকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেন।