পরিবহনশ্রমিক ও ব্যবসায়ীদের ডাকে গতকাল শুক্রবার থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এর মধ্যে আজ শনিবার থেকে মৌলভীবাজার জেলাব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দিলেন শ্রমিকেরা। আকস্মিক এই ধর্মঘটে বিপাকে পড়েছেন শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটক ও সাধারণ মানুষ।
গত বৃহস্পতিবার বিজিবি ও পরিবহনশ্রমিকদের মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। এর জের ধরে পরিবহনশ্রমিকদের তিনটি সংগঠন ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ডাকে গতকাল সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। এর মধ্যে গতকাল শ্রমিকদের এক প্রতিবাদ সমাবেশ থেকে আজ সকাল ছয়টা থেকে মৌলভীবাজার জেলাব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ধর্মঘটের মধ্যে পড়ে অনেকেই হেঁটে যাতায়াত করছেন। বন্ধ রয়েছে শ্রীমঙ্গল শহরের ছোট-বড় সব দোকান এবং যানবাহন চলাচল। দূরপাল্লার কোনো যানবাহন শ্রীমঙ্গল থেকে ছেড়ে যায়নি। জেলার বাইরে থেকে আসা কিছু যাত্রীবাহী বাস ও বনভোজনের গাড়ি পুলিশ ও শ্রমিকনেতাদের সহযোগিতায় শহর অতিক্রম করেছে।
ভৈরব থেকে আসা মো. মনির আহমদ বলেন, ‘ধর্মঘটের কথা জানতাম না। এখন শহরের বাইরে বাস থেকে নামিয়ে দিয়েছে। এখন সবাইকে নিয়ে হেঁটে যাচ্ছি।’
গতকাল বিকেলে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং অটো-টেম্পো শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে দোষী ব্যক্তিদের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে আজ শনিবার সকাল ছয়টা থেকে মৌলভীবাজার জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্টের সামনে বিজিবির একজন চালককে পরিবহনশ্রমিকেরা লাঞ্ছিত করেন। লাঞ্ছনাকারীদের শনাক্ত করতে সেখানে বিজিবি সদস্যরা গেলে তাঁদের ওপর পরিবহনশ্রমিকেরা হামলা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিজিবি ১৫ রাউন্ড গুলি ছোড়ে।
ট্রাক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ বলেন, ‘আমাদের দুই শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। সমাধান না হলে সারা বিভাগে পরিবহন ধর্মঘট শুরু হবে।’
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুতফুর রহমান বলেন, ‘বিজিবি এলোপাতাড়ি হামলা করেছে। তাদের সঙ্গে ব্যবসায়ীদের কোনো ঝামেলা হয়নি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।’
শ্রীমঙ্গল থানার ওসি মো. মাহবুবুর রহমান গতকাল বলেন, ‘বিকেলে উচ্চপর্যায়ে একটা মিটিং হয়েছে। আশা করছি একটা সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে।’