এবার পুলিশ সুপারের কার্যালয়ে নারী সহায়তা কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলার পাঁচ থানার পর এবার পুলিশ সুপারের কার্যালয়ে নারী সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রটির উদ্বোধন করেন পুলিশ সুপার আমেনা বেগম। এখানে ভুক্তভোগীরা নারী পুলিশ সদস্যদের কাছে খোলামেলা সবকিছু বলতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম ও মো. শফিউর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রেজুয়ান আহমেদ, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. শহিদুর রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানের মতো নরসিংদীতেও বেড়েছে নারী নির্যাতন। কিন্তু ঘটনার তুলনায় থানায় নারী নির্যাতনের অভিযোগের সংখ্যা কম। কারণ, থানায় আসা ভুক্তভোগীরা পুরুষ পুলিশের কাছে নির্যাতনের ঘটনা খোলামেলাভাবে বলতে সংকোচ বোধ করেন। এতে করে অভিযোগের মূল বিষয়বস্তু হালকা হয়ে যায়। বিষয়টি উপলব্ধি করে পুলিশ সুপার প্রতিটি থানায় নারী সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ নেন।

এই কেন্দ্রের জন্য থানার ভেতরে আলাদা একটি কক্ষ থাকে। সেখানে নারী পুলিশ সদস্যরা অভিযোগ দিতে আসা নারীদের কথা শুনবেন এবং অভিযোগ রেজিস্টারে লিপিবদ্ধ করবেন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। ইতিমধ্যে এই কেন্দ্রের আওতায় জেলার ৯৮০ জন নারীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার আমেনা বেগম বলেন, জেলার সবচেয়ে প্রত্যন্ত বেলাব থানায় পরীক্ষামূলকভাবে প্রথম গত বছরের মার্চে নারী সহায়তা কেন্দ্র চালু করা হয়। সেখানে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এরপর পর্যায়ক্রমে জেলার আরও চারটি থানায় এই কেন্দ্র চালু করে সহায়তা দেওয়া হচ্ছে। তবে এসব কেন্দ্রে জনবল-সংকট থাকায় সার্বক্ষণিক সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, পুলিশ সুপার কার্যালয়ে আসা নারীদের তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপাররা সরাসরি তদারক করবেন। নারীদের আইনি সহায়তা নিশ্চিত করতে প্রতি সপ্তাহে ফলোআপ করা হবে।