রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার পুলিশের নিরাপত্তায় চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে নিজেদের নেতা-কর্মীদের নিয়োগ দেওয়াসহ বিভিন্ন দাবিতে আওয়ামী লীগ-ছাত্রলীগের বাধায় কয়েকবার চাকরির একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ হয়ে যায়।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয় ফটকে অবরোধ কর্মসূচি শেষে রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ঘোষণা দিয়েছিলেন, ২৫ ডিসেম্বর যে পরীক্ষা আছে, সেখানেও তাঁরা বাধা দেবেন। ফলে গতকালের পূর্বনির্ধারিত পরীক্ষাও অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। যদিও শনিবার তিনি সাংবাদিকদের বলেন, রোববারের পরীক্ষায় তাঁরা বাধা দেবেন না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শেখ রাসেল মডেল স্কুলের ১১টি পদে লিখিত পরীক্ষা বাধা ছাড়াই অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ইসমাঈল হোসেন সিরাজী ভবনে পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠিত হয় এসব পরীক্ষা। তবে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল কম।
গত ৩১ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন এই স্কুলে নয়জন সহকারী শিক্ষক, একজন হিসাব সহকারী, একজন অফিস সহকারী ও দুজন সাধারণ কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গতকাল সহকারী শিক্ষক, হিসাব সহকারী ও অফিস সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।