এবার পুলিশের পক্ষে আ.লীগের পাল্টা সংবাদ সম্মেলন
এবার যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান এবং এএসআই শরিফুল ইসলামের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। গতকাল সোমবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহম্মদ পাটোয়ারী বলেন, ‘জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলু পাটোয়ারী অর্থের প্রভাব আর সন্ত্রাসীদের ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাঁর ক্যাডার বাহিনীর হাতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। তাঁদের চাঁদাবাজির কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। খাজুরা ফাঁড়ির এসআই মাসুদুর রহমান ও এএসআই শরিফুল ইসলাম এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছেন তাঁরা। এ জন্য ওই দুই পুলিশ সদস্যকে বদলি করাতে দিলু চেয়ারম্যান তৎপরতা চালাচ্ছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক সবীর মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ প্রমুখ।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘খাজুরা ফাঁড়ির নির্যাতনকারী দুই পুলিশ সদস্যের বদলি ঠেকাতে ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশ তাঁদের পক্ষে সাফাই সংবাদ সম্মেলন করেছে।’
গত রোববার ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়েছে। ‘ঘুষ না দিলে মামলায় ফাঁসাচ্ছেন এসআই’ শিরোনামে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গত রোববার প্রথম আলোয় ছাপা হয়।