এবার পুড়িয়ে দেওয়া হলো দোকানঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল বাজারে গত সোমবার ভোরে একটি ওষুধের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকানের মালিক শ্যামল ধরের। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে সন্ত্রাসীরা শিরুয়াইল বাজারের শ্যামল ধরের পুমা ড্রাগ হাউসে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারা আগুন দিয়েছে, এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি শ্যামল ধর। দুপুরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লাভলু মাদবর (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। বিকেলে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে একটি মামলা করা হয়। এর আগে ৭ জুন একদল সন্ত্রাসী শ্যামল ধরের বসতঘরে আগুন দিয়েছিল।শ্যামল ধর বলেন, এক পক্ষের নির্বাচন না করায় প্রথম থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। নির্বাচনে পরাজয়ের পর তারাই এ কাজ করে থাকতে পারে। তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।শিবচর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, উভয় ঘটনায় নাশকতার প্রমাণ পাওয়া গেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।