এবার পূর্ব পাশ থেকে কাটা হচ্ছে মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর পূর্ব পাশে নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। ছবিটি গত শুক্রবার দুপুরে তোলা l প্রথম আলো
রংপুরে দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর পূর্ব পাশে নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। ছবিটি গত শুক্রবার দুপুরে তোলা l প্রথম আলো

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর পশ্চিম পাশে বালু তোলা বন্ধ হলেও পূর্ব পাশে নদী থেকে মাটি কাটা শুরু হয়েছে। আইন লঙ্ঘন করে স্থানীয় দুই মাটি ব্যবসায়ী এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর (৪) নম্বর ধারায় বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।
স্থানীয় লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী সেতুটির পাশ থেকে মাটি কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখানে আমার কোনো করণীয় নেই। বিষয়টি দেখার দায়িত্ব উপজেলা প্রশাসনের।’
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ দিন থেকে মহিপুর এলাকার খায়রুল আলম ও আব্দুল জলিল নামের দুজন তিস্তা সেতুর ২০০ গজ দূরে নদী থেকে মাটি কেটে ব্যবসা করছেন। এখান থেকে ৫-৬টি ট্রলিতে করে প্রতিদিন ৭৫-৮০ ট্রলি মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রলিপ্রতি ৪০০ টাকায় এসব মাটি বিক্রি করা হচ্ছে। এসব মাটি সেতুটির সংযোগ সড়কের ঠিকাদার আলমগীর হোসেনকে সরবরাহ করা হচ্ছে।
খায়রুল আলম বলেন, নদীর চরের মাটি কাটা হচ্ছে তা ঠিক। কিন্তু এসব জমি একসময় এ এলাকার মানুষেরই ছিল। তা ছাড়া এসব মাটি সেতুর সংযোগ সড়কে উন্নয়নমূলক কাজে ব্যবহার হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল শনিবার ঠিকাদার আলমগীর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
গত শুক্রবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, সেতুর দক্ষিণ দিকের ২ নম্বর পিলারের প্রায় ২০০ গজ পূর্বে নদী থেকে কোদাল দিয়ে মাটি কাটা হচ্ছে। ১৩-১৫ জন শ্রমিক দিয়ে এসব মাটি ট্রলিতে ভরে নিয়ে যাওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ‘অল্প কিছুদিন আগে সেতুর পশ্চিম দিকে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। এখন আর একদিকে নতুন করে যে মাটি কাটা হচ্ছে, এ বিষয়টি জানা নেই। মাটি কাটা বন্ধে উদ্যোগ নেওয়া হবে।’
এর আগে সেতুটির পশ্চিম পাশে ২০০ গজ দূর থেকে শ্যালো যন্ত্র বসিয়ে একই ব্যক্তিরা বালু উত্তোলন করেছিলেন। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘রংপুরে নির্মাণাধীন সেতুর কাছ থেকে বালু উত্তোলন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর প্রশাসনের হস্তক্ষেপে বালু তোলা বন্ধ হয়।