এবার পেঁয়াজের দাম কম চাষির মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার সোমাসনারি গ্রামের কৃষক আবদুল মান্নান এবার দেড় বিঘা জমিতে পেঁয়াজের আবাদ (মূলকাটা পদ্ধতিতে) করে ৩০ মণ পেঁয়াজ পেয়েছেন। গত মঙ্গলবার বেড়ার করমজা হাটে পেঁয়াজ বিক্রি করতে এসে তাঁর মাথায় হাত। ২৪০ টাকা মণ দরে ১০ মণ পেঁয়াজ বিক্রি করে তিনি জানান, এমন দরে বাকি পেঁয়াজ বিক্রি করলে সব মিলিয়ে তিনি পাবেন সাত হাজার ২০০ টাকা। অথচ বীজে ১৪ হাজার টাকাসহ আবাদে তাঁর মোট সাড়ে ২২ হাজার টাকা খরচ হয়েছে। পেঁয়াজ বিক্রি করে লাভ তো দূরের কথা, তিনি বীজের দামই তুলতে পারছেন না। আবদুল মান্নান তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, ‘ধান আর পাটে লস খাওয়ার পর মনে করছিল্যাম পিঁয়্যাজে লাভ করব। কিন্তু পিঁয়্যাজ চাষ করব্যার যায়া এক্কেরে শ্যাষ হয়া গেলাম।’ মান্নানের মতো একই অবস্থা পাবনার সাঁথিয়া ও সুজানগর উপজেলার সব পেঁয়াজচাষির। পেঁয়াজচাষিদের ভাষ্যমতে, এমনিতেই এবার পেঁয়াজের ফলন কম হয়েছে। এর ওপর বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে একরকম পানির দামে। এ কারণে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন পেঁয়াজচাষিরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলায় এ বছর প্রায় সাড়ে ২৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে।সরেজমিনে বেড়ার করমজা, সাঁথিয়ার কাশীনাথপুর, বনগ্রামসহ বিভিন্ন হাট ঘুরে প্রচুর নতুন পেঁয়াজ উঠতে দেখা গেছে। করমজা হাটের পেঁয়াজের আড়ত ভাই ভাই ভান্ডারের মালিক আমিরুল ইসলাম বলেন, ‘গত বছর এই সময় নতুন পিঁয়্যাজ দেড় থেকে দুই হাজার টাকা মণ দরে বেচা-কেনা হইছে। অথচ এবার বিক্রি হইত্যাছে ২০০ থেকে ৩০০ টাকা দরে। পিঁয়্যাজ বেচপ্যার আইস্যা কৃষকেরা হায় হায় করত্যাছে।’পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না বলে দাম কম হলেও চাষিরা পানির দরেই পেঁয়াজ বিক্রিতে বাধ্য হচ্ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্যমতে, ভারতীয় পেঁয়াজের অবাধ আমদানির কারণে দেশি পেঁয়াজের বাজারে এমন ধস নেমেছে। সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ‘উপজেলায় সাধারণ পদ্ধতির পেঁয়াজের আবাদই বেশি হয়ে থাকে। এখন কৃষকেরা যে পেঁয়াজ জমি থেকে তুলছেন, তা মূলকাটা পদ্ধতিতে লাগানো। আমার জানামতে, এবার এ পদ্ধতিতে লাগানো পেঁয়াজের ফলন খারাপ হয়নি। তবে বাজারে পেঁয়াজের যা দাম, তাতে কৃষকের লোকসান হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি।’