এবার পোশাক পরেছে নাটোরের কলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের রামপুরে রফিকুল ইসলামের কলাবাগানে ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করে কলা উৎপাদন শুরু হয়েছে। ছবি: প্রথম আলো
নাটোরের রামপুরে রফিকুল ইসলামের কলাবাগানে ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করে কলা উৎপাদন শুরু হয়েছে। ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের আম ও মেহেরপুরের বেগুনের পোশাক (ফ্রুট ব্যাগ) পরার গল্প এখন অনেকেরই জানা। তবে এ দেশের কলা যে জামা পরতে শুরু করেছে, তা হয়তো কারও জানা নেই। কলার জামা পরার গল্পটা জানা গেল আজ বুধবার সকালে নাটোর সদর উপজেলার রামপুরের কলাচাষি রফিকুল ইসলামের কলাবাগানে গিয়ে। বালাইনাশকের ব্যবহার ছাড়াই শতভাগ রোগ ও পোকামাকড়ের আক্রমণমুক্ত কলা পেতে দেশে এই চাষিই প্রথম কলার কাঁদি বিশেষ ধরনের কাগজের ব্যাগে মুড়িয়েছেন। আজ মাঠ দিবস উদ্‌যাপনের মধ্য দিয়ে তিনি কলা সংরক্ষণের ফ্রুট ব্যাগ প্রযুক্তির বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন। এ সময় বেশ কয়েকজন উদ্যান গবেষক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বুধবার সকালে সরেজমিন রফিকুল ইসলামের কলাবাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছের কলার কাঁদি বিশেষ ধরনের সাদা ও বাদামি রঙের কাগজের ব্যাগ দিয়ে মোড়ানো রয়েছে। কলাচাষি রফিকুল ইসলাম একেকটি ব্যাগ খুলে কলা দেখাচ্ছিলেন। ব্যাগ খুলতেই বের হয়ে আসছিল সতেজ, সবুজ পরিষ্কার কলা। কলার গায়ে দাগ নেই, ধুলা নেই, পোকামাকড় নেই; নেই রোগবালাই।
বাগানে দাঁড়িয়ে কলা সংরক্ষণ ব্যাগের ব্যাপারে কথা বললেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোশারফ উদ্দিন। তিনি বলেন, আম ও বেগুনের ফ্রুট ব্যাগ ব্যবহারের সাফল্য থেকে কলা সংরক্ষণে ব্যাগিং প্রযুক্তি বেছে নেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে নাটোরের এই বাগানে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে। এতে বালাইনাশক ব্যবহার ছাড়াই পরিষ্কার ও রোগমুক্ত কলা উৎপাদন করা সম্ভব হচ্ছে। কলার রং সুন্দর হচ্ছে। পাকা কলা পাঁচ থেকে সাত দিন ভালো রাখা সম্ভব হচ্ছে। বিষমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ায় ক্রেতারা সহজেই আকৃষ্ট হচ্ছেন।
মোশারফ উদ্দিন বলেন, বাজারের অন্য কলার চেয়ে এই কলার চাহিদা বহুগুণ বেশি হবে। তা ছাড়া এই প্রক্রিয়ার কারণে কলা বিদেশে রপ্তানি করা সহজ হবে। কলার সব গুণ অটুট থাকায় বিদেশিদের কাছেও এ দেশের কলার চাহিদা থাকবে। সর্বোপরি কলার ব্যাগগুলো পরিবেশবান্ধব কাগজ দিয়ে তৈরি। এটা ছিঁড়ে না যাওয়া পর্যন্ত বহুবার ব্যবহার করা যাবে। ফলে কৃষকের খরচ কম পড়বে।
কলাবাগানে উপস্থিত ঢাকার কল্যাণপুরের উদ্যান প্রশিক্ষণ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, প্রচলিত পদ্ধতিতে কলাচাষিরা কলা সংগ্রহের তিন মাস আগে থেকে নিয়মিত কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করে আসছেন। এমনকি কলা বাজারে নিয়ে যাওয়ার দিনও তাঁরা কীটনাশক ছিটান। এতে খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হয়। এখানকার মতো ব্যাগ ব্যবহার করা হলে কৃষকদের কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করার প্রয়োজন পড়বে না। কলাচাষিরা প্রচুর খরচ থেকে বাঁচবেন। উৎপাদনে মুনাফা বেশি পাবেন। ক্রেতারাও বিশুদ্ধ কলা খেতে পারবেন।
মাঠ দিবসে উপস্থিত কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের কৃষিবিদ আবু মো. মনিরুজ্জামান বলেন, রৌদ্রোজ্জ্বল দিনে ব্যাগিং করতে হবে। ব্যাগটি নষ্ট না হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে। কলার কাঁদির পড়ার পরপরই ব্যাগিং শুরু করা যেতে পারে। ব্যাগিং করার তারিখ প্রতিটি গাছের পাশে লিখে রাখলে কলার পরিপক্বতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং ব্যাগ খুলে কলা সংগ্রহ করা সম্ভব হবে।
পরে কলাচাষি রফিকুল ইসলামের বাড়ির আঙিনায় ফ্রুট ব্যাগিং কার্যক্রম নিয়ে স্থানীয় কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় উদ্যোক্তা মো. হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকা সিড কোম্পানির স্বত্বাধিকারী এফ আর মালিক। সভায় উপস্থিত উদ্যান বিশেষজ্ঞরা কলাচাষিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সভায় রফিকুল ইসলাম বলেন, নাটোরের মাটি কলা চাষের জন্য উপযোগী। এখানে বিপুল পরিমাণ কলা উৎপাদিত হয়। কিন্তু চাষিরা ফলন ভালো পান না। বিজ্ঞানসম্মত সংরক্ষণ জ্ঞান না থাকায় কলার ভালো ক্রেতা পান না। প্রতিবছর লোকসান গুনতে হয়। এ বিষয়টি উপলব্ধি করার পর তিনি চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুরে আম ও বেগুন সংরক্ষণে ফ্রুট ব্যাগিং সম্পর্কে ধারণা অর্জন করেন এবং কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ চান। তাঁদের সহযোগিতায় তিনি তাঁর এক বিঘা জমিতে কলাগাছে ব্যাগিং কার্যক্রম শুরু করেছেন।