এবার প্রতিষ্ঠাকাল থেকে নয় বছরে ৬৫০ জনের নিয়োগ প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ থেকে ২০০১ সালের বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত ৬৫০ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ কেন অবৈধ হবে না এবং তা বাতিলের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ আট বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।ওই সময়ে দেওয়া নিয়োগপ্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সাংসদ ও বিএনপির নেতা ফজলুল হক মিলন গত সপ্তাহে রিটটি করেন। এ রিটের ওপর গতকাল শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লুৎফর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।পরে লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ১৯৯২ সালের ২১ অক্টোবর থেকে ২০০১ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬৫০ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। প্রথমে অস্থায়ী ভিত্তিতে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁদের চাকরিতে বহাল রাখার কথা বলে পরে স্থায়ী করা হয়। তাঁদের অনেককে একাধিক পদোন্নতিও দেওয়া হয়। এসব নিয়োগে কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এমনকি সিলেকশন বোর্ডের সুপারিশও নেওয়া হয়নি। ওই সব নিয়োগপ্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন।জানা যায়, এই রিট আবেদনের ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন সংকট তৈরির আশঙ্কা রয়েছে। সম্প্রতি হাইকোর্ট অবৈধ নিয়োগের অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির নির্দেশ দেন। এঁদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরি স্থায়ী বা পদোন্নতি পাওয়া ২২৫ কর্মকর্তা-কর্মচারী ছিলেন। চাকরিচ্যুতরা অভিযোগ করছেন, সরকার-সমর্থকদের বেলায় আদালতের রায় কার্যকর করা হয়নি। আইনের মারপ্যাঁচ খাটিয়ে তাঁদের রক্ষার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকরিচ্যুতদের বক্তব্য হচ্ছে, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় নিয়োগপ্রাপ্তরা চাকরিচ্যুত হলে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত সিংহভাগ কর্মকর্তা চাকরিচ্যুত হবেন। রিট আবেদনটি সে লক্ষ্যে করা হয়েছে বলে জানা যায়।