এবার প্রধানমন্ত্রীকে মালদ্বীপের অভিনন্দন
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামি আবদুল গাইয়ুম শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, নতুন সরকারের সময় দুদেশের বর্তমান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
এ ছাড়াও আজ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব মেধাস্বত্ব সংস্থার মহাপরিচালক ফ্রান্সিস ঘুরি এবং বিশ্ব টেলিকমিউনিকেশনস ইউনিয়নের সেক্রেটারি জেনারেল হামদুন তুরে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানি, চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং ভিয়েতনাম ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।