এবার প্রবাসীদের মন জয়ের চেষ্টা

প্রবাসী–অধ্যুষিত সিলেট অঞ্চল। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর নানা দেশে রয়েছে তাঁদের বসবাস। শীত মৌসুম আর সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীরা দেশে ফিরছেন। তাই নির্বাচনী প্রচারণায় চলছে প্রবাসীদের মন জয়ের পালা। নির্বাচিত হলে প্রবাসীদের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।
গতকাল দুপুরে নগরের একটি রেস্তোরাঁ মিলনায়তনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের প্রার্থী এ কে আবদুল মোমেন। নৌকার পক্ষে কাজ করতে নিজ উদ্যোগে কয়েক শ প্রবাসী সিলেটে এসে প্রচারণায় যুক্ত হওয়ার কথা জানিয়ে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমি কল্পনাও করতে পারিনি, এত প্রবাসী আমাকে ভালোবেসে স্বেচ্ছাশ্রম দেবেন। আমি কোনো দিন তাঁদের ভুলব না। নির্বাচিত হলে আমার বড় দায়িত্ব থাকবে, প্রবাসীদের দেশের উন্নয়নে সম্পৃক্ত করা। তাঁদের জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে কীভাবে দেশকে আরও এগিয়ে নিতে পারি, তার প্রচেষ্টা চালানো হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি প্রবাসীদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে সিলেট থেকে সরাসরি বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইট হবে।’
আয়োজক সংগঠনের উদ্যোক্তা রানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ইফজাল চৌধুরী ও শেখ জামাল হোসেন। সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, মেসবাহ আহমেদ প্রমুখ।
প্রবাসীদের প্রতি মনোযোগ রয়েছে বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীরের প্রচারণায়ও। ২২টি পরিকল্পনা বাস্তবায়ন করে সিলেটকে ‘ডিজিটাল গ্রিন মেগাসিটি’ করার ঘোষণার মধ্যে প্রবাসীদের প্রত্যাশা পূরণ রয়েছে বলে জানিয়েছেন। গতকাল সংবাদ সম্মেলন করে মুক্তাদীর তাঁর উন্নয়ন পরিকল্পনার বিষয়টি প্রকাশ করেন। এ ছাড়া, গতকাল দিনভর নগর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রচার ও গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি প্রবাসীদের নিরাপত্তার জন্য বিশেষ সেল গঠনসহ নানা ধরনের প্রতিশ্রুতি দেন।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ আবদুল হাই হারুণের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য দেন, মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সিলেট মহানগর বিএনপিরন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
পরে বিএনপির প্রার্থী নগরের জিন্দাবাজার এলাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এদিকে বেলা ১১টার দিকে নগরের বন্দরবাজার, মহাজনপট্টি, কালীঘাট, হকার্স মার্কেট, সুরমা মার্কেট, জিন্দাবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় ধানের শীষের প্রার্থীর সমর্থনে গণসংযোগ করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি নগরের সাপ্লাই রোডে প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর
গত শনিবার রাত পৌনে দুইটার দিকে সিলেট সদর উপজেলার শাহপরানগেট এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন। এ ঘটনার প্রতিবাদে রাতেই শাহপরানগেট এলাকায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন দলটির নেতা-কর্মীরা। পরে রাত আড়াইটার দিকে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনাস্থলে পৌঁছে দোষী ব্যক্তিদের খোঁজ নিয়ে বের করে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিলে বিক্ষুব্ধ ব্যক্তিরা অবরোধ তুলে নেন।
অন্যান্য আসনে প্রচারণা
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকশী, আরেঙ্গাবাদ, নালবহর এবং তিলপাড়া ইউনিয়নের পিরেরচক বাজারে গণসংযোগের পাশাপাশি পথসভায় অংশ নিয়েছেন। বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী গতকাল গোলাপগঞ্জ উপজেলার বুধবারি বাজার ও বাদেপাশা ইউনিয়নে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে মহাজোটের মনোনীত জাতীয় পার্টির প্রার্থী মো. ইয়াহ্ইয়া চৌধুরী গতকাল বেলা পৌনে একটায় আচরণবিধি লঙ্ঘন করে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার অংশে মিছিল করেন। মিছিল চলাকালে অন্তত আধা ঘণ্টা সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। এরপর বেলা দেড়টার দিকে তাজপুর কদমতলা এলাকায় সমাবেশ করেন। দিনভর বিভিন্ন এলাকায় ডাব প্রতীকের সমর্থনে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানও।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ–উস–সামাদ চৌধুরী ও বিএনপির প্রার্থী শফি আহমদ চৌধুরী গতকাল নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তাঁরা নির্বাচিত হলে প্রবাসীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ ও বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিম বিভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করেছেন। এ সময় তাঁরা স্থানীয় উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদানের পাশাপাশি জাতীয় ইস্যু নিয়েও নিজেদের দলীয় মতামত উপস্থাপন করেছেন।
সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে গতকাল গ্রামে গ্রামে ঘুরে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ও জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন। এর বাইরে ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে দলের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন। গণসংযোগে প্রত্যেক প্রার্থীর কর্মীরা জানান, দেশের উন্নয়নের স্বার্থে তাঁদের প্রার্থীদেরকেই ভোট দেওয়া উচিত।