১৮ মাসের বেতন না পাওয়া ১৫২ জন কর্মকর্তা-কর্মচারী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার প্রশাসনিক ভবনে তালা মেরে দিয়েছেন। এতে সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
সেই সঙ্গে পদোন্নতির দাবিতে চারজন শিক্ষক আটটি প্রশাসনিক পদ থেকে গতকাল রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ নিয়ে পদত্যাগ করা শিক্ষকের সংখ্যা দাঁড়াল ১৪-তে।
পদোন্নতির দাবি ও উপাচার্যের অসহযোগিতার অভিযোগ এনে ৯ নভেম্বর ১০ জন শিক্ষক ১৯টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। এ পরিস্থিতিতে ওই দিন রাতে উপাচার্য ব্যক্তিগত উদ্যোগে ভাড়া করা গাড়িতে ক্যাম্পাস ছেড়ে ঢাকায় চলে যান। এ সময় সেখানে কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
এ দুটি বিষয় নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ আলম।
বেতন না পাওয়া কর্মচারীরা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে প্রশাসনিক ভবনের সব কটি কক্ষে তালা মেরে দেন।
সেকশন অফিসার (গ্রেড-২) ওবায়দুর রহমান বলেন, ‘আমাদের ১৮ মাস থেকে বেতন বকেয়া রয়েছে। উপাচার্যের উপস্থিতিতে বেতন-ভাতার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অন্দোলন অব্যাহত থাকবে। অবিলম্বে ঢাকা থেকে ফিরে এসে উপাচার্য স্যারকেই এ সমস্যার সমাধানে উদ্যোগ নিতে হবে।’
বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীদের তালা মেরে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম গতকাল মঙ্গলবার দুপুর থেকে বন্ধ হয়ে যায়। পুরো বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরে আনা জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
গতকাল মঙ্গলবার পদত্যাগ করা চারজন শিক্ষক হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মতিউর রহমান তিনটি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। সেই সঙ্গে গণিত বিভাগের শিক্ষক তাজুল ইসলাম তিনটি প্রশাসনিক পদ, গণিত বিভাগের অন্য একজন শিক্ষক কমলেশ চন্দ্র একটি প্রশাসনিক পদ ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক আপেল মাহমুদ একটি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ পরিস্থিতিতে আমি আমার পরিবারকে নিয়ে ঢাকায় চলে এসেছি। বিষয়টি সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে ব্যক্তি উদ্যোগে গাড়ি ভাড়া করেছি। বিরাজমান সমস্যা নিয়ে আমার কোনো কিছু করার ক্ষমতা নেই। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের বাইরে আমি কিছু করতে পারব না।’