এবার প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে এবার তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। উপাচার্য আমির হোসেন খানের নানা অনিয়ম, দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে এবং তার প্রতিবাদে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষকেরা ওই ভবনের ফটকে তালা দেন। একই সঙ্গে তাঁরা ফটকের সামনে বেলা সাড়ে তিনটা পর্যন্ত অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, তালা দেওয়ায় কোনো কর্মকর্তা ও কর্মচারী প্রশাসনিক ভবনে ঢুকতে না পারায় সকাল থেকেই উপাচার্য, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের সব কাজ বন্ধ হয়ে যায়। এই অবস্থায় কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে এসে তালা দেখে এদিক-ওদিক ঘোরাঘুরি করে বিকেলে বাড়ি ফিরে যান। তবে গতকালও বিশ্ববিদ্যালয়ে যাননি উপাচার্য। বাসভবনে বসেই তিনি সময় কাটান। আগামী ২৩ নভেম্বর তাঁর চার বছরের মেয়াদ শেষ হবে। ওই সময় পর্যন্ত তিনি থাকতে চান। এ কারণে সংকট নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেন, ‘তিনজন কর্মকর্তা ছাড়া পুরো বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্যের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। তাই নৈতিকভাবে আন্দোলনরত শিক্ষকদের আন্দোলনকে স্বাগত জানাচ্ছি। আন্দোলনরত শিক্ষকদের মুখপাত্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল হক বলেন, ‘উপাচার্য মহোদয় শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি করে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করছেন। এর প্রতিকার চেয়ে বহুবার আমরা তাঁর কাছে গিয়েছি। কিন্তু তিনি এতে কোনো সাড়া দেননি। আমরা তাঁর অনিয়মের বিচার চাই।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাস বলেন, ‘সকালে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে দেখি, প্রধান ফটকে তালা ঝুলছে। এরপর রেস্টহাউজে এসে বিশ্রাম নিচ্ছি। শিক্ষকদের আন্দোলনের কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি।’
উপাচার্য বলেন, ‘শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চলছে। সিন্ডিকেটেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হচ্ছে। আমি বাসভবনে আছি, প্রশাসনিক ভবনে যাইনি। প্রশাসনিক ভবনে তালা দেওয়ার কথা শুনেছি।’
এর আগে ৯ জুলাই আন্দোলনরত শিক্ষকেরা ১৩ দফা বাস্তবায়নের দাবিতে উপাচার্যের দপ্তরে তালা দেন। এ ছাড়া ১০ জুলাই প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার দপ্তরে তালা দেওয়া হয়। এর পর থেকে উপাচার্য আর বিশ্ববিদ্যালয়ে আসেননি।