প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা-সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১-ই ধারা নিয়ে নাটকীয় কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ৯১-ই ধারাটি হুবহু বহাল রাখার জন্য কমিশন সচিবালয় থেকে নথি উত্থাপন করা হয়েছে। অথচ এর আগের রাতে নির্বাচন কমিশন থেকে সম্পাদকদের কাছে পাঠানো সাত পৃষ্ঠার এক বিবৃতিতে এ ধারাটি বাতিলের সুপারিশের পক্ষে নানা যুক্তি তুলে ধরা হয়েছিল।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, উত্থাপিত নথিতে দুই নির্বাচন কমিশনার জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল বিকেলে সই করেছেন। আজ বুধবার নথিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ ও কমিশনার আবদুল মোবারকের কাছে পাঠানো হবে।
যদিও ইতিমধ্যেই সিইসি আগের সিদ্ধান্ত বাতিল করে ৯১-ই ধারাটি বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। তবে কমিশনার আবদুল মোবারক ধারাটি বাতিলের পক্ষে। আর জাবেদ আলী শুরুতে ধারাটি বাতিলের পক্ষে মত দিলেও গতকাল তিনি মত পরিবর্তন করেন।
জানতে চাইলে গত রাতে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, গতকাল কমিশন দাতাদের সঙ্গে বৈঠক করেছে। ৯১-ই ধারাটি নিয়ে কোনো আলোচনা হয়নি। কমিশন সচিবালয় সূত্র জানায়, সিইসি কাজী রকিব উদ্দীন ও কমিশনার আবদুল মোবারকের মতামত পাওয়ার পর সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যদি বহাল রাখার পক্ষে ও বিপক্ষে সমান সমান মতামত থাকে, সে ক্ষেত্রে অপর কমিশনার আবু হাফিজের মতামতের জন্য তাঁর সিঙ্গাপুর থেকে ফেরা পর্যন্ত অপেক্ষা করা হবে। এই ধারাটি সম্পর্কে গতকাল সিইসি কাজী রকিব উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়টি নতুন করে বিবেচনা করছি। দু-এক দিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’
আরপিওর ৯১-ই ধারায় বলা আছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ প্রমাণিত হলে কমিশন তদন্ত করে এবং যথাযথ শুনানির সুযোগ দিয়ে সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বাকি প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রার্থিতা বাতিলের পর যদি একজন মাত্র প্রার্থী অবশিষ্ট থাকেন, তবে সেই আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে।
গত ২৮ জুলাই কমিশন আরপিও থেকে এই ধারাটি বাতিলের সুপারিশ করার সিদ্ধান্ত নেয়। কমিশনের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সিদ্ধান্তের বিরূপ সমালোচনা করেন। এ ছাড়া প্রাথমিক পর্যবেক্ষণে আইন মন্ত্রণালয়ও ধারাটি রাখার পক্ষে মত দেয়। এখন সিদ্ধান্ত পরিবর্তনের কারণ হিসেবে কমিশন সচিবালয়ের নথিতে এসব বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে ৯১-ই নিয়ে কমিশনের ব্যাখ্যাকে কেন্দ্র করে খোদ কমিশন সচিবালয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত সোমবার রাতে জাতীয় দৈনিকের সম্পাদকদের কাছে পাঠানো কমিশনের সাত পৃষ্ঠার এক বিবৃতিতে বলা হয়েছে, ৯১-ই বাতিল হলেও কমিশনের কর্তৃক প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা ৯১-এ ধারায় আছে।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, কমিশনের এই ব্যাখ্যা সঠিক নয়। কারণ, ৯১-ই ধারা অনুযায়ী কমিশন সরাসরি প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। কিন্তু ৯১-এ ধারা অনুযায়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা যাবে না। এ ধারায় বিচার বিভাগীয় কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনী অনিয়ম তদন্তের জন্য কমিটি গঠন করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে দণ্ড আরোপের ক্ষমতা বিচার বিভাগের, কমিশনের নয়।
আরপিওতে ৯১-এ ধারায় বলা আছে, নির্বাচন কমিশন নির্বাচনপূর্ব অনিয়ম তদন্তে বিচার বিভাগীয় কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করতে পারবে। তদন্ত শেষ করার তিন দিনের মধ্যে কমিটি এ বিষয়ে কমিশনকে অবহিত করবে। কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে প্রয়োজনীয় আদেশ বা নির্দেশনা দিতে পারবে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারবে। তবে পুরো প্রক্রিয়াটি ফৌজদারি কার্যবিধি দ্বারা পরিচালিত হবে।