এবার প্রার্থীর পক্ষে সাংসদের কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান গত রোববার বিকেলে পাথরঘাটায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে কর্মিসভা করেন l ছবি: সংগৃহীত
বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান গত রোববার বিকেলে পাথরঘাটায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে কর্মিসভা করেন l ছবি: সংগৃহীত

বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সাংসদ শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে আবারও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে পাথরঘাটায় দলীয় মেয়র প্রার্থীর পক্ষে কর্মিসভা করেন তিনি। সাংসদের এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনকে প্রভাবিত করার অপকৌশল বলে মন্তব্য করেছেন সেখানকার বিএনপির প্রার্থী।
আওয়ামী লীগের সাংসদ হাচানুর রহমান এর আগে গত বৃহস্পতিবার বেতাগী পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী এ বি এম গোলাম কবিরের মনোনয়নপত্রের প্রত্যয়নপত্র নিয়ে হেলিকপ্টারে করে বেতাগীতে যান। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত রোববার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন।
পাথরঘাটায় রোববারের কর্মিসভায় উপস্থিত আওয়ামী লীগের কয়েকজন নেতা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, সাংসদ হাচানুর রহমান রোববার বিকেলে দলীয় প্রার্থী আনোয়ার হোসেন আকনের পক্ষে নির্বাচনী কর্মিসভায় অংশ নেন। পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ওই কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন পরিচালনার জন্য ১১ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেন সাংসদ।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত অন্তত দুজন নেতা বলেন, সভায় সাংসদ হাচানুর তাঁর বক্তৃতায় বলেন, যেকোনো উপায়ে তাঁর নির্বাচনী এলাকার দুটি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়লাভ করাতে হবে। এ জন্য তিনি নির্বাচনী প্রচারণার শুরু থেকে পাথরঘাটায় থাকবেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাবির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বক্তৃতা করেন।
এ বিষয়ে পাথরঘাটা পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মল্লিক মোহাম্মদ আইউব গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত ও ভোট কারচুপির নীলনকশা করার জন্যই ওই সভা আহ্বান করা হয়েছিল। আমি এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করব।’
আর বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান খান বলেন, ‘একজন সাংসদ প্রকাশ্যে কর্মিসভায় যেভাবে নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনার কথা বলেছেন, সেটা নজিরবিহীন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংসদ হাচানুর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওটা তো ঘরোয়া সভা। এতে দোষের কী!’
পাথরঘাটার সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘সাংসদের সভা করার বিষয়টি আমার জানা নেই। যদি সাংসদ এমনটা করে থাকেন, তবে সেটা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন।’
সাংসদ হাচানুর রহমান ৩ ডিসেম্বর আওয়ামী লীগ প্রার্থীর দলীয় মনোনয়নপত্রের প্রত্যয়ন নিয়ে হেলিকপ্টারে করে বেতাগীতে যান। এ নিয়ে গত ৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘বিদ্রোহের পর প্রার্থী বদল, হেলিকপ্টারে করে মনোনয়নপত্র’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।