এবার ফরিদপুর সদরে পদ্মায় বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ফরিদপুর সদর উপজেলায় পদ্মা নদীতে বাঁশ ও জালের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সহায়তায় এ মাছ শিকার চলছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ঢোলাইর চর ও চর টেপুরাকান্দি এলাকার পদ্মা নদীতে বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবে প্রায় এক কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে। বেড়ার উত্তর পাশে ১০ মিটারের মতো জায়গা ছেড়ে দেওয়া হয়েছে নৌযান চলাচলের জন্য। মাছ ধরার তদারকিতে নিয়োজিত ডিক্রিরচর ইউনিয়নের বাসিন্দা ইদ্রিস পাল (৩৫) বলেন, ‘আমি রাজনীতির সঙ্গে জড়িত নই। নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের সমর্থক আলমগীর হোসেন, শেখ আফাজউদ্দীন, ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার টিপু ও বাবু মিলে মাছ শিকার করছি।’ইদ্রিস বলেন, ‘বেড়ার বাঁশ ও জাল জেলেদের। প্রতিদিন যে মাছ পাওয়া যায় তার ৮০ শতাংশ জেলেরা নেন। বাকিটা আমরা ভাগ করে নিই। মাছ ধরার জন্য ১৫ জন জেলে নিয়োজিত আছেন। প্রায় এক কিলোমিটার এলাকা জাল দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। মাঝে ফাঁদের আকারে ১৬টি জাল পেতে এ মাছ ধরা হয়। মাছ ধরার জন্য ব্যবহার করা হচ্ছে আটটি নৌকা। দুই ঘণ্টা পর পর জালে আটকে পড়া মাছ ধরা হয়।’ মাছ ধরার কাজে নিয়োজিত পাবনার জেলে মধু হালদার বলেন, ‘এখন মাছ কম ধরা পড়ছে। প্রতিদিন দুই মণের বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না। চৈত্র মাসের মাঝামাঝি সময়ে পানি ঘোলা হওয়ার আগ পর্যন্ত এভাবে মাছ ধরা যাবে।’ দুলাল শেখ ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এলাকার ছেলেরা মাছ ধরে খাচ্ছে। এরা সবাই আমার দলের কর্মী।’ আলমগীর হোসেন বলেন, ‘বেড়া দিয়ে মাছ ধরা হয় বলে আমি শুনেছি। তবে এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’ ইউপি চেয়ারম্যান শেখ আবদুস সালাম বেড়া দিয়ে মাছ শিকারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এভাবে মাছ ধরা অবৈধ। আমি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলব।’ সদর উপজেলার মত্স্য কর্মকর্তা কার্তিক চন্দ্র সাহা বলেন, ‘আমি বিষয়টি ভালোমতো জানি না। ইউএনও ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ বলেন, ‘চরভদ্রাসনে মাছ শিকারের বেড়াটি আমরা যেভাবে ভেঙে দিয়েছিলাম, এটাও সেভাবেই ভেঙে দেওয়া হবে।’ চরভদ্রাসনে পদ্মায় বেড়া দিয়ে মাছ শিকার নিয়ে গত ১১ জানুয়ারি প্রথম আলোয় খবর প্রকাশ করা হয়। পরে জেলা প্রশাসনের নির্দেশে ওই বেড়া অপসারণ করা হয়।