এবার ফরিদপুরে জামিন পেলেন মাহ্ফুজ আনাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মানহানির অভিযোগে করা মামলায় জামিন পেলেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। গতকাল মঙ্গলবার তিনি ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারিক হাকিম হামিদুল ইসলাম।
মানহানির অভিযোগে করা আরেক মামলায় এর আগের দিন গাজীপুর আদালত থেকে জামিন পান মাহ্ফুজ আনাম। এ ছাড়া একই রকমের মামলায় আরও কয়েকটি জেলায় জামিন পেয়েছেন তিনি।
মাহ্ফুজ আনাম গতকাল বেলা ১১টার দিকে ফরিদপুরের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় তাঁর পক্ষে ১০-১২ জন আইনজীবী ছিলেন। মামলার বাদী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আইনজীবী মো. জাহিদ ব্যাপারীও আদালতে হাজির হন। তবে তিনি এই আবেদনের বিরোধিতা করেননি।
মাহ্ফুজ আনামের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, শুনানি শেষে এক হাজার টাকার জামিন নামায় মাহ্ফুজ আনামকে জামিন দেন আদালত। এ ছাড়া আদালত আগামী ২৯ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
গত ২২ ফেব্রুয়ারি ফরিদপুরের ওই আদালতে মামলাটি করা হয়। মামলার অভিযোগে বাদী নিজের পাঁচ লাখ টাকা ও আওয়ামী লীগের ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন।
গত ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতি প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন।
এরপর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়। মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ পর্যন্ত ৭৮টি মামলা হয়েছে। বেশির ভাগ মামলার অভিযোগ প্রায় একই রকম। আর এগুলোর বাদী হলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও তাঁদের সমর্থক আইনজীবীরা।