এবার ফল ঘোষণার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিত্ রায়চৌধুরী, আবুল বারক আলভী ও অশোক কর্মকার গতকাল প্রথম আলো কার্যালয়ে ঈদ কার্ডের নকশা প্রতিযোগিতার বিজয়ীদের বাছাই করেন ষ ছবি: প্রথম আলো
শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিত্ রায়চৌধুরী, আবুল বারক আলভী ও অশোক কর্মকার গতকাল প্রথম আলো কার্যালয়ে ঈদ কার্ডের নকশা প্রতিযোগিতার বিজয়ীদের বাছাই করেন ষ ছবি: প্রথম আলো

কথা ছিল পুরস্কার পাবে ১০ জন। কিন্তু সংখ্যাটা কোনোভাবেই ১০-এ আটকে রাখা গেল না। প্রতিটি ছবিই অবাক করা সুন্দর! কোনটা রেখে কোনটা বাদ দেবেন—অনেক ভেবে বিচারকেরা ১১টি কার্ডের নকশা নির্বাচন করলেন। বিচারপর্ব শেষে শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, আবুল বারক আলভী ও অশোক কর্মকার—এই চার বিচারককে দেখে মনে হচ্ছিল, এক কঠিন পরীক্ষা দিয়ে এলেন তাঁরা! তবু চারজনের মুখেই হাসি। এত এত ঈদের কার্ড দেখতে দেখতে ঈদের আমেজ যে গায়ে লাগতে শুরু করেছে! নানা রং আর নকশায় তৈরি হাজারো কার্ড। কোথাও ‘বাবা ও মা’, কোথাও ‘বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই’—মনের অজস্র ভাবনা রং দিয়ে সাজানো হয়েছে একটি বড় কক্ষে। একটু পা ফেলার জায়গাও নেই সেখানে।গতকাল বুধবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে আনন্দঘন পরিবেশে হয়ে গেল ঈদ কার্ড নকশা প্রতিযোগিতার বাছাই পর্ব। ‘এবার নিজেই করো আব্বু-আম্মুর জন্য ঈদ কার্ডের নকশা’—এই আহ্বানে আয়োজন করা হয়েছিল ‘হরলিক্স-গোল্লাছুট ঈদ কার্ডের নকশা প্রতিযোগিতা’। বাবা-মায়ের জন্য ঈদ কার্ডের নকশা করবে শিশু-কিশোরেরা, আর সেগুলো নিয়েই হবে প্রতিযোগিতা। বিজয়ী নকশাগুলো দিয়ে তৈরি হবে ঈদ কার্ড। প্রথম আলো ঈদসংখ্যার সঙ্গে কার্ডগুলো পৌঁছে যাবে পাঠকের কাছে। এই ছিল আয়োজনের মূল ভাবনা।প্রতিযোগিতা ছিল বয়সভিত্তিক দুটি বিভাগে। ক বিভাগ ১০ বছরের কম এবং খ বিভাগ ১১ থেকে ১৫ বছর বয়সীদের জন্য। দুই বিভাগ থেকে ১১টি ঈদ কার্ড চূড়ান্ত নির্বাচন করেন বিচারকেরা।

হরলিক্স-গোল্লাছুট ঈদ কার্ডের নকশা প্রতিযোগিতা
হরলিক্স-গোল্লাছুট ঈদ কার্ডের নকশা প্রতিযোগিতা

দেশের বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোরেরা অসাধারণ নকশা করে প্রথম আলোর ঠিকানায় পাঠিয়েছে ঈদ কার্ড। ডাকযোগে জমা হয় প্রায় এক হাজার ৩০০ কার্ড। এ ছাড়া ই-মেইলে আরও প্রায় ৫০০। গতকাল চার বিচারক প্রথম আলো কার্যালয়ে এই এক হাজার ৮০০-এর বেশি কার্ড থেকে বিজয়ীদের নির্বাচন করার কঠিন কাজটি সম্পন্ন করেন। মনস্থির করতে যথেষ্ট বেগ পেতে হলেও, অবশেষে ১১ জনকে নির্বাচন করেছেন তাঁরা। ক বিভাগে সাতজন এবং খ বিভাগে চারজন বিজয়ী হয়েছে। বিজয়ীদের নাম জানতে চোখ রাখতে হবে কাল শুক্রবার গোল্লাছুট-এর পাতায়! বিজয়ীরা প্রত্যেকেই পাবে ১০ হাজার টাকা সমমূল্যের বই।

বিচারকাজ শেষে শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘বাচ্চাদের প্রচণ্ড সাহস! ওরা স্বতঃস্ফূর্তভাবে আঁকতে জানে। আমাদের তো অনেক ভাবতে হয়। ওরা চোখ বুজে যা আঁকে, সেটাই সবচেয়ে সুন্দর হয়! সবগুলো কার্ডের নকশাই ভালো ছিল। আমরা ভালোর মধ্য থেকে ভালোগুলো বাছাই করেছি।’ ভিন্নধর্মী এ আয়োজনে প্রথম আলোর সহযোগী গ্ল্যাক্সোস্মিথক্লাইনের জনপ্রিয় ব্র্যান্ড হরলিক্স।