এবার ফাঁদজালে হরিণ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পাহাড়ে ফাঁদজাল বসিয়ে শিকার করা হচ্ছে হরিণ। তারপর প্রতি কেজি মাংস ৭০০ টাকায় বিক্রি করে লাভবান হচ্ছে ১৮ জনের শিকারি দল। এর আগে উখিয়ায় ফাঁদজাল বসিয়ে বক শিকারের ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়ায় অভিযান চালিয়ে জবাই করা দুটি হরিণ উদ্ধার করেন। হরিণ দুটি ফাঁদজাল বসিয়ে শিকার করা হয়। তবে হরিণ শিকারিদের কাউকে ধরা সম্ভব হয়নি।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, ১৮ জনের সংঘবদ্ধ দল পাহাড়ের বিভিন্ন স্থানে ফাঁদজাল বসিয়ে হরিণ ধরছে। ইতিমধ্যে ছয়জন শিকারির নাম জানা গেছে। বাকিদের নামও অনুসন্ধান করা হচ্ছে। উদ্ধার হরিণ দুটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বিজিবি ও স্থানীয় লোকজন বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে টেকনাফ মাঠপাড়ার পাহাড়ে ফাঁদজাল বসিয়ে দুটি হরিণ শিকার করেন স্থানীয় নতুন পল্লানপাড়ার সৈয়দ আলম, মাঠপাড়ার আবদুল আজিজ, সোনা মিয়া, বদরুছ মিয়া, রুবেল, রেঙ্গুর বিলের মমতাজ মিয়াসহ আরও কয়েকজন। হরিণ দুটি ২৩ হাজার টাকায় লোকজনের কাছে বিক্রি করা হয়। এরপর জবাই করার সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরা হরিণ দুটি উদ্ধার করেন।
স্থানীয় লোকজন বলেন, পাঁচ-ছয় মাস ধরে একাধিক শিকারি দল পাহাড়ে ফাঁদজাল বসিয়ে প্রতিদিন দুই-তিনটি করে হরিণ শিকার করছে এবং প্রতি কেজি মাংস ৭০০ টাকায় বিক্রি করছে। এ ব্যাপারে বন বিভাগ নীরব ভূমিকা পালন করে আসছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে বিজিবি সদস্যরা নতুন পল্লানপাড়ার ইব্রাহীমের বাড়িতে অভিযান চালিয়ে জবাই করা হরিণ দুটি উদ্ধার করেন। পরে মরা হরিণ দুটি টেকনাফ বন বিভাগে হস্তান্তর করা হয়।
বন বিভাগের ফরেস্ট গার্ড ফরিদুল আলম বলেন, গতকাল সন্ধ্যায় আগুনে পুড়িয়ে হরিণের মাংস ধ্বংস করা হয়। এ ব্যাপারে ১৮ শিকারির বিরুদ্ধে বন্য প্রাণী নিধন আইনে মামলা করা হবে।