এবার ফাস্টফুডের দোকানে ১২ গোখরা
এবার সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ফাস্টফুডের একটি দোকানে ১২টি গোখরা সাপ পাওয়া গেছে। দোকান থেকে বের করার পর সাপগুলোকে পিটিয়ে মারা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কাজীরহাট বাজারের নিজাম স্টোরে এ ঘটনা ঘটে। এক সপ্তাহ আগে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার দুটি বাড়িতে ৭৭টি গোখরা সাপ মারা হয়।
নিজাম ফাস্ট ফুডের মালিক নিজাম আলীর ভাষ্য, রাত সাড়ে নয়টার দিকে দোকানের বিস্কুটের বাক্সের মধ্যে তিনি একটি গোখরা সাপ দেখতে পান। পরে একে একে দোকানের বিভিন্ন জায়গা থেকে ১২টি সাপ বের করা হয়। এ সময় ভয়ে তিনি আশপাশের দোকানদারদের ডেকে নিয়ে আসেন। পরে সবাই মিলে সাপগুলো পিটিয়ে মেরে ফেলে।
সাতক্ষীরা সদরের ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের ভাষ্য, গত সপ্তাহে সাতক্ষীরা সদর উপজেলার বালুইগাছা গ্রামের ছাত্তার খানদানের বসত ঘরে একটি গর্ত থেকে ৫৭টি গোখরা সাপ বের হলে পিটিয়ে মেরে ফেলা হয়। গর্ত খুঁড়ে সাপের ৫০টি ডিম উদ্ধার করা হয়। এ ছাড়া আশাশুনি উপজেলার বেউলা গ্রামের মকবুল সরদারের বসত ঘরে ২০টি গোখরা সাপ মারা হয়।