এবার ফুটপাতে নামলেন সিলেটের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জিন্দাবাজার সরকারি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের সামনের পুরো ফুটপাত বেদখল ছিল। গতকাল বুধবার সকালে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি করপোরেশন ও মহানগর পুলিশের একটি দল ফুটপাতে অবৈধ দখল নিজ থেকে গুটাতে বিশেষ প্রচারণা শুরু করে।
নগর ভবনের সামন থেকে রাস্তায় রাস্তায় এ প্রচারণার শুরুতেই জিন্দাবাজার এলাকার বিদ্যালয়ের সম্মুখ অংশ নিজ থেকেই গুটিয়ে নেয় দখলকারীরা। দুপুরের পর বিদ্যালয় যখন ছুটি হয়, তখন শিক্ষার্থীদের তাদের বিদ্যালয়ের সামনের ফুটপাত আনন্দমনে ব্যবহার করতে দেখা যায়।
এভাবে শুধু জিন্দাবাজার এলাকার ওই বিদ্যালয় নয়, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট সিটি করপোরেশন ও মহানগর পুলিশের একটি বিশেষ দল নগর ভবনের সামনে থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত রাখা ও অবৈধ পার্কিং গুটিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রচারণা চালায়। এ সময় ফুটপাতের শতাধিক স্থাপনা দখলকারীরা নিজ থেকে গুটিয়ে নেওয়ায় জিন্দাবাজারের ওই বিদ্যালয়ের সামনের অংশে ফুটপাতে পথচারীদের হাঁটার সুযোগ হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, মহানগর পুলিশের একটি বিশেষ দল প্রস্তুত করে এক সপ্তাহ ধরে যৌথভাবে প্রচারণা চালানো হয়। ওই প্রচারণার শেষ দিন ছিল গতকাল। একজন নির্বাহী হাকিমসহ মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব নগর ভবনের সামনে থেকে ফুটপাত ও অবৈধ পার্কিং পরিদর্শনে বের হন।
জিন্দাবাজার-চৌহাট্টা-বন্দরবাজার-সোবহানীঘাট-শাহজালাল উপশহর পয়েন্ট পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় অবৈধ স্থাপনার একাধিক মালিক ও অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের জন্য জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম রেজাউল করিম জানান, অভিযান চলাকালে চারটি অবৈধ দোকান ও একটি লেগুনাকে অর্থদণ্ড করা হয়েছে। ফুটপাত মুক্ত রাখার প্রচারণামূলক এ অভিযান চলাকালে অবৈধ দখলদারদের সঙ্গে পুলিশেরও অবৈধ যোগসাজশ রয়েছে বলে অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে মোহাম্মদ আয়ুব বলেন, ‘এমন অভিযোগ আমরাও শুনি। তবে আজ বলছি, যদি কোনো পুলিশসদস্য এই ফুটপাত বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে তাঁকে তাৎক্ষণিকভাবে বরখাস্তসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযান শেষে মেয়র জানান, দীর্ঘদিনের অব্যবস্থাপনা হচ্ছে নগরের ফুটপাত। এক দিন কিংবা দুই দিনের অভিযানে ফুটপাত দখলমুক্ত হবে না। ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া খুদে ব্যবসায়ীদের পুনর্বাসন প্রক্রিয়াও চলবে বলে জানান তিনি।