এবার ফুটপাতে পড়ে মারা যাচ্ছে ২৫ গাছ

এবার নগরের ফুটপাতে পড়ে প্রাণ যাচ্ছে ২৫ গাছের। রাজশাহী সিটি করপোরেশনের এক হাজার মিটার ফুটপাত নির্মাণের জন্য এই গাছ কাটা পড়ছে। গতকাল মঙ্গলবার থেকে এই গাছ কাটা শুরু হয়েছে। এবারও বন বিভাগের অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছে। এর আগেও একইভাবে গাছ কাটা হয়েছে।
তবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বৃক্ষ পালন শাখা বলছে, গাছ কাটার জন্য তাদের অনুমতির দরকার হয় না। অবশ্য বন বিভাগ বলছে অন্য কথা।
রাজশাহী সওজ বিভাগের নির্বাহী বৃক্ষপালনবিদের কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের চাহিদা অনুযায়ী ফুটপাত নির্মাণের জন্য দরপত্রের মাধ্যমে ২৫টি গাছ প্রায় দেড় লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ভ্যাটসহ এই গাছের মূল্য পড়বে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। এগুলোর সবই প্রায় কড়ই গাছ। এর মধ্যে দু-একটা কৃষ্ণচূড়াও রয়েছে। রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের বর্ণালীর মোড় থেকে লক্ষ্মীপুর হয়ে কলাবাগান পর্যন্ত তাদের দুই হাজার মিটার ফুটপাত নির্মাণের একটি প্রকল্পের কাজ চলছে। তার মধ্যে বন্ধগেট থেকে শিক্ষা বোর্ডের গেট পর্যন্ত প্রায় এক হাজার মিটার ফুটপাত নির্মাণের কাজ চলছে। এই কাজ করতে গিয়েই গাছগুলো কাটা হচ্ছে।
বন বিভাগের অনুমোদন ছাড়াই একে একে রাজশাহী নগরের বিভিন্ন সড়কের সব গাছ কেটে ফেলা হচ্ছে। গত চার বছর থেকে একে একে বিভিন্ন অজুহাতে নগরের সড়কের গাছ কাটা হচ্ছে। এর আগে সৌন্দর্যবর্ধন, পরিবেশ উন্নয়ন ও রাস্তা সম্প্রসারণের নামে সড়কের গাছ কাটা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে বর্ণালীর মোড় এলাকার সড়ক বিভাজক থেকে ঝুঁকিপূর্ণ বলে ১৭টি বয়সী কড়ই গাছ কাটা হয়। এবার অবশিষ্ট গাছগুলো কাটা হচ্ছে। তখনো সওজ বিভাগ গাছগুলো কেটেছিল।
রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী মিঠন আলী সরদার বলেন, বছর দশেক আগে রাজশাহী কলেজে যখন পড়তে আসেন, তখন নগরের সড়কগুলো ছায়া সুনিবিড় ছিল। এখন বর্ণালীর মোড় দিয়ে যাওয়ার সময় বুকের ভেতর হাহাকার করে ওঠে। এখন হয়তো সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে। কিন্তু খরার সময় এই নগরকে মরুভূমির মতো লাগে।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, গাছগুলোর কারণে ফুটপাত তৈরি করতে অসুবিধা হচ্ছিল। যে গাছগুলো ফুটপাতের মাঝখানে পড়েছে, সেগুলো তাঁরা রেখে দেওয়ার চেষ্টা করছেন। তবে যে গাছগুলোর কারণে দেয়াল নির্মাণে সমস্যা হচ্ছে, সেগুলো কাটতেই হচ্ছে।
সওজ রাজশাহীর নির্বাহী বৃক্ষপালনবিদ পলাশ সরকার বলেন, এগুলো তাঁদেরই লাগানো গাছ। এই গাছ কাটার জন্য তাঁদের বন বিভাগের অনুমতির প্রয়োজন হয় না।
তবে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ২০১১ সালের বনজ দ্রব্য পরিবহন ও নিয়ন্ত্রণ বিধি অনুযায়ী, বন বিভাগের অনুমোদন ছাড়া সরকারি কোনো সংস্থাই গাছ কাটতে পারবে না। বন বিভাগ গাছের মূল্য নির্ধারণ করে দেবে।