
বিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ায় গত সোমবার খোলা আকাশের নিচে পরীক্ষা দিয়েছিল শিশুরা। আর গতকাল মঙ্গলবার সকালে রাস্তার পাশে ফুটপাতে পত্রিকা বিছিয়েই পরীক্ষা দিতে হলো তাদের। সকাল আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নেওয়া এই পরীক্ষা পথচারী ও আশপাশের এলাকার মানুষের মধ্যে বিস্ময় ও কৌতূহলের জন্ম দেয়।
রাজধানীর তোপখানা সড়কে সরকারের সচিবালয়। সেখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন-সংলগ্ন সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। এলাকার এই একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গুঁড়িয়ে দেওয়ায় ৭ আগস্ট থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্কুলটির প্রধান শিক্ষক রওশন আরা বেগম প্রথম আলোকে বলেন, গতকাল সকালে পরীক্ষা নেওয়ার জন্য স্কুলের ভেতরে প্রবেশ করতে চাইলে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের দারোয়ানেরা বাধা দেন। তাই বাধ্য হয়ে ফুটপাতেই প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হয়েছে। তিনি বলেন, গতকাল ইংরেজি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।
এদিকে বিদ্যালয়টির বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতার স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি গতকাল অবকাশকালীন চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা আগামী ৭ সেপ্টেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। ফলে শুনানির আগ পর্যন্ত বিদ্যালয়টি স্থানান্তর ও ১একীভূত করাসংক্রান্ত ২০০২ সালের ২৪ জুলাইয়ের সরকারি আদেশ বহাল থাকছে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর কৌঁসুলি মুনসুরুল হক চৌধুরী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
অবশ্য গতকাল পরীক্ষা শেষে রমনা থানার পুলিশের উপপরিদর্শক সাঈদ ইবনে সিদ্দিকের নেতৃত্বে কয়েকজন পুলিশ এসে শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলের ভেতরে প্রবেশের ব্যবস্থা করেন। সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের ভাঙা জায়গায় কয়েকটি বেঞ্চে শিক্ষার্থীরা বসে আছে। এদেরই তৃতীয় শ্রেণির ছাত্র ওমর ফারুক বলল, সে চায়, বিদ্যালয়টি এখানেই থাকুক। ভাবনা নামে প্রথম শ্রেণির এক ছাত্রী বলল, রাস্তায় বসে বসে তার পড়তে খারাপ লাগে।
ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান গতকাল বিদ্যালয়টি পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে বলেন, সবকিছু দেখেশুনে তিনি সরকারের কাছে প্রতিবেদন দেবেন। সরকার তার সিদ্ধান্ত নেবে।
বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানার জন্য গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কার্যালয়ে গেলে কর্মচারীরা জানান, কর্মকর্তা পর্যায়ের কেউ কার্যালয়ে নেই। দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য মোবাইল নম্বর চাইলেও তাঁরা দেননি। পরে একজন কর্মকর্তার মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নিন্দা: বিদ্যালয়টি ভেঙে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান। গতকাল সংস্থাটির নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী এক বিবৃতিতে বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুরবস্থায় তাঁরা ক্ষুব্ধ।
বিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
মন্ত্রণালয় ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, ১৯৬২ সালে গাইড হাউস বিদ্যালয়টি প্রতিষ্ঠা করলেও ১৯৭৩ সালে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে এই বিদ্যালয়টিও সরকারীকরণ হয়। তখন বিদ্যালয়টি অধিগ্রহণ করা হয়। এর পর থেকেই সেটি প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত হয়ে আসছে। কিন্তু একপর্যায়ে গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এখানে বিদ্যালয়টি যেন না থাকে, তার চেষ্টা চালায়। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। দীর্ঘদিন এই অবস্থায় চলার পর বিদ্যালয়টি ভঙ্গুর অবস্থায় পৌঁছায়। তবে মামলার রায় অ্যাসোসিয়েশনের পক্ষে যায়। রমনা থানার শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম প্রথম আলোকে জানান, এ বিষয়ে গত রোববার আপিল আবেদন করা হয়েছে।
গার্ল গাইডসের প্রতিবাদ: বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন গতকাল এক বিবৃতিতে বিদ্যালয় ও জমির ইতিহাস তুলে ধরা বলা হয়, স্কুলটির নিজস্ব কোনো জমি নেই। এই জমির মালিক গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। এই অবস্থায় পত্রিকায় যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টরা বিদ্যালয়টি ভেঙে দিয়েছে।