এবার ফেরার পালা, ট্রেন-বাস লঞ্চে ভিড়
পবিত্র ঈদুল আজহা উদ্যাপন শেষে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল মঙ্গলবার রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, কমলাপুর ও সদরঘাটে কর্মস্থলে ফেরা মানুষের বেশ ভিড় দেখা গেছে।
গত শনিবার ঈদের তিন দিনের ছুটি শেষ হয়। ওই দিন থেকেই ফিরতে শুরু করে রাজধানীবাসী। তবে গতকাল সবচেয়ে বেশি ভিড় লক্ষ করা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসা বাস, ট্রেন ও লঞ্চ—সব পরিবহনেই ছিল উপচে পড়া ভিড়। আজ ও কাল কর্মস্থলে ফেরা মানুষের ভিড় আরও বাড়বে।
গতকাল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোকে বগিভর্তি যাত্রী নিয়ে আসতে দেখা যায়। সব ট্রেনেই ছিল ধারণক্ষমতার তুলনায় বেশি যাত্রী। এসব ট্রেনের আসন ছাড়াও ভেতরে দাঁড়িয়ে ও ছাদে বিপুলসংখ্যক যাত্রী দেখা যায়।
কাল সকালে কক্সবাজার থেকে ঢাকায় আসা সাজ্জাদ আলম বলেন, ঈদের তিন দিনের ছুটির পর বাড়তি দুদিন ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন। আজ থেকে অফিস করবেন। তিনি বলেন, ‘নাড়ির টানে বাড়ি গিয়েছিলাম, পেটের টানে ফেরত এলাম।’