রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে এবার ফেরি–সংকট দেখা দিয়েছে। এ কারণে দুই ঘাটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দুই ঘাটেই পারাপারগামী যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল মঙ্গলবার চারটি ফেরি বিকল হয়। আগে আরও তিনটি ফেরি বিকল হয়েছে। তা ছাড়া নৌপথ থেকে দুটি ফেরিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফিরিয়ে নেওয়া হয়েছে। আরেক ফেরি ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদে বাড়তি গাড়ির চাপ সামাল দিতে ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৯টি ফেরি চালানো হয়। ঈদ–পরবর্তী কয়েক দিন যানবাহনের চাপ অস্বাভাবিক বাড়তে থাকে। এই পরিস্থিতিতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ থেকে দুটি ফেরি আনা হয়। মোট ২১টি ফেরি চালু রাখায় ঘাটের যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকে। গত সোমবার কর্তৃপক্ষ ‘এনায়েতপুরী’ ও ইউটিলিটি ‘ক্যামেলিয়া’ শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফিরিয়ে নেয়। এ ছাড়া মেরামতের জন্য কে–টাইপ ‘কপোতী’কে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠায়। এতে ফেরির সংখ্যা কমে ১৮তে নেমে আসে।
ঘাট–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে পাটুরিয়া থেকে গাড়ি বোঝাই করে দৌলতদিয়ায় আনলোডের পর ইঞ্জিন সমস্যায় ‘খানজাহান আলী’ বিকল হয়। ফেরিটি বেলা দেড়টার দিকে আইটি জাহাজের সাহায্যে পাটুরিয়ার ভাসমান কারখানায় নেওয়া হয়। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া থেকে গাড়ি বোঝাই করে দৌলতদিয়ার ১ নম্বর ঘাটের কাছে ভিড়তে গিয়ে ইঞ্জিন ও সুকানে ত্রুটি দেখা দিলে ফেরি বীরশ্রেষ্ঠ ‘মতিউর রহমান’ বন্ধ হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে এটি পন্টুনের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ফেরি বিকলসহ পন্টুনের দুটি সিলভার (বিশেষ ধরনের রশি দিয়ে পন্টুনটি যার সঙ্গে বেঁধে রাখা হয়) উঠে যায়। পাটুরিয়ার ভাসমান কারখানা থেকে প্রকৌশলী এনে চেষ্টার পর বেলা আড়াইটার দিকে ফেরিটি সচল হয়। বেলা ১১টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ‘হাসনা হেনা’ ও ‘বনলতা’ ফেরি দুটি বন্ধ থাকে। প্রায় তিন ঘণ্টা পর প্রাথমিক মেরামত শেষে আবার ফেরি দুটি চালু করা হয়। এর আগের দিন সোমবার সন্ধ্যা থেকে ইঞ্জিন সমস্যায় বিকল হয়ে আছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি। তিন দিন ধরে ‘কুমারী’ ও ৯ দিন ধরে ‘চন্দ্র মল্লিকা’ বিকল হয়ে পাটুরিয়ায় রয়েছে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১৪ ফেরি চলাচল করছে। এর মধ্যে সন্ধ্যার পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ইঞ্জিন দুর্বলের কারণে বসা থাকবে। বাকি ১৩ ফেরি দিয়ে যানবাহন পারাপার চলবে।
গতকাল বিকেলে দেখা যায়, দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহনের সারি। আটকে পড়া গাড়িচালকদের দাবি, মহাসড়কে দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী গাড়ি রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, বর্তমানে ১৪ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। প্রয়োজনের তুলনায় ফেরি সংখ্যা কম থাকায় বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে।
আরিচা কার্যালয়ের প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, ঈদের পর থেকে টানা সব ফেরি চালু থাকায় এখন ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। তবে সাধ্যমতো সচল রেখে ফেরি সার্ভিস ঠিক রাখা হচ্ছে।