এবার বগুড়ায় বিএনপির বিলবোর্ড দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সফর ঘিরে অনুমতি ছাড়াই বগুড়া শহরের বিভিন্ন সড়কদ্বীপে টাঙানো হয়েছে ডিজিটাল ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন। এ ছাড়া পণ্যের প্রচারের জন্য ভাড়া নেওয়া বেশির ভাগ বিলবোর্ডও দখল হয়ে গেছে। দলীয় নেতাদের বন্দনা করে টাঙানো প্ল্যাকার্ডে ঢেকে গেছে শহরের সাতমাথা এলাকায় স্থাপিত বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভ চত্বরও ছবি: সোয়েল রানা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সফর ঘিরে অনুমতি ছাড়াই বগুড়া শহরের বিভিন্ন সড়কদ্বীপে টাঙানো হয়েছে ডিজিটাল ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন। এ ছাড়া পণ্যের প্রচারের জন্য ভাড়া নেওয়া বেশির ভাগ বিলবোর্ডও দখল হয়ে গেছে। দলীয় নেতাদের বন্দনা করে টাঙানো প্ল্যাকার্ডে ঢেকে গেছে শহরের সাতমাথা এলাকায় স্থাপিত বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভ চত্বরও ছবি: সোয়েল রানা

রাজধানী ঢাকার পর বগুড়া শহরেও বাণিজ্যিক বিলবোর্ডগুলো রাতারাতি বেদখল হয়েছে। তবে সরকারি দল নয়, এবার এগুলো দখলে নিয়েছে বিরোধী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।বিভিন্ন পণ্যের প্রচারের জন্য লাগানো এসব বিলবোর্ড ঢেকে দিয়ে তাতে লাগানো হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি।বিলবোর্ড ছাড়াও দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে শহরজুড়ে টানানো হয়েছে ফেস্টুন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই শহরের বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপে নির্মাণ করা হয়েছে অবৈধ তোরণ। কিছুদিন আগে ঢাকায় বিভিন্ন কোম্পানির বিলবোর্ড দখল করে সরকারের উন্নয়ন প্রচারণা চালাতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার ও সরকারি দল।বগুড়া বিএনপির দাবি, তারা কোম্পানিগুলোর অনুমতি নিয়েই এসব বিলবোর্ড ব্যবহার করছে। এগুলো ৮-১০ দিন থাকবে। এ জন্য ভাড়া পরিশোধ করা হবে। তোরণ ও ফেস্টুন নির্মাণের জন্যও পৌরসভার অনুমতি আছে বলে দাবি করা হয়েছে। তবে কোম্পানিগুলো বলছে, রাজনৈতিক দলকে তারা কোনো বিলবোর্ড ভাড়া দেয়নি।বগুড়া শহরের বনানী মোড় থেকে মাটিডালি পর্যন্ত এবং তিনমাথা থেকে চারমাথা পর্যন্ত ব্র্যাক ব্যাংক, অটবিসহ বিভিন্ন কোম্পানির অর্ধশতাধিক অনুমোদিত বাণিজ্যিক বিলবোর্ড রয়েছে। দলীয় চেয়ারপারসনের সফর উপলক্ষে এসব বিলবোর্ড রাতারাতি দখল করে নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সরেজমিনে দেখা গেছে, শহরের সাতমাথা এলাকায় ২০টি বিলবোর্ডের মধ্যে ১৬টি দখল হয়ে গেছে। যুবদল পাঁচটি ও স্বেচ্ছাসেবক দল তিনটি দখল করেছে। বাকিগুলো দখল করেছে জেলা বিএনপি, শহর বিএনপি, সদর উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন।

শহরের সার্কিট হাউস মোড়, বনানী মোড়, মাটিডালি মোড়সহ অন্যান্য স্থানেও বাণিজ্যিক বিলবোর্ড দখল করে দলীয় প্রচার করা হয়েছে।

বনানী মোড় থেকে মাটিডালি সড়ক এবং সার্কিট হাউস মোড় থেকে স্টেশন সড়কে নির্মাণ করা হয়েছে বহু তোরণ। সড়কের দুই ধারে বাঁশের খুঁটিতে এবং বৈদ্যুতিক খুঁটিতে টানানো হয়েছে কয়েক হাজার ডিজিটাল ব্যানার-ফেস্টুন।

শহরের বাদুড়তলা এলাকার বাসিন্দা ও কলেজশিক্ষক শাহাদত পারভেজ বলেন, আওয়ামী লীগ ঢাকা শহরের বিলবোর্ড দখল করার অল্প দিনের মাথায় বগুড়া শহরের বিলবোর্ড দখল করল বিএনপি। দখলে দুই দলই সমানে সমান।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বিলবোর্ড দখলের সত্যতা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, কোম্পানিগুলোর অনুমতি নিয়েই এসব বিলবোর্ডে দলীয় প্রচারণা চালানো হচ্ছে। ভাড়াও পরিশোধ করা হবে।

যোগাযোগ করা হলে বিজ্ঞাপনী সংস্থা নেপচুন, মুক্তি আর্ট, গ্রিনওয়ে, শতরূপা ও সিটি আর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বগুড়ায় তারা কোনো রাজনৈতিক দলকে বিলবোর্ড ভাড়া দেয়নি।

বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘শহরে অস্থায়ী বিলবোর্ড ও তোরণ নির্মাণ এবং বিভিন্ন সড়কের বিদ্যুতের খুঁটিতে ব্যানার-ফেস্টুন টানানোর জন্য পৌরসভা অনুমতি দেয় এবং ভাড়া আদায় করে পৌরসভার লাইসেন্স শাখা। এই শাখা অনুমোদন দিয়েছে কি না, সেটা আমার জানা নেই।’

তবে বিলবোর্ড কোম্পানিগুলোর স্বত্বাধিকারী একাধিক বিজ্ঞাপনী সংস্থার লোকজন জানিয়েছেন, শহরে বিলবোর্ড নির্মাণ ও ব্যানার-ফেস্টুন টানাতে হলে আগে পৌর মেয়রের কাছে আবেদন করতে হয়। তিনি তা পাঠান প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে। প্রধান নির্বাহী তা পাঠান লাইসেন্স শাখায়। কেউ অনুমতি নিলে তা পৌর মেয়রের জানার কথা।