এবার বদলগাছীতে চালু হলো বৈকালিক চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হলো বৈকালিক চিকিৎসাসেবা। গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক হেদায়েতুল ইসলাম।
হেদায়েতুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পর মান্দায় বৈকালিক চিকিৎসাসেবা চালু হয়। এ সেবা শুরু হওয়ার পর ব্যাপক সাফল্য পাওয়া গেছে। এটা শুধু মান্দা ও বদলগাছীতে নয়, পুরো দেশেই এই সেবা চালু হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এ উপলক্ষে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক কাজীউর আলম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদ নজরুল চৌধুরী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাফিজ আরেফিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ অঞ্চলের মানুষ দিনের প্রথম ভাগে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। এ জন্য অনেকেই বহির্বিভাগে সকালে চিকিৎসাসেবা নিতে পারে না। তাদের কথা ভেবেই বৈকালিক চিকিৎসাসেবা চালু করা হয়েছে। এই সেবা নিশ্চিত করতে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই ঘণ্টা বহির্বিভাগ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন বলেন, ‘মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হওয়া বৈকালিক চিকিৎসাসেবায় অনুপ্রাণিত হয়ে বদলগাছীতে এ কার্যক্রম চালু করা হলো। আশা করছি, এখানেও বৈকালিক চিকিৎসাসেবা সাড়া ফেলবে।’
এ কে এম মোজাহের হোসেন জানান, মান্দায় গত ২৫ মার্চ থেকে চালু হওয়া বৈকালিক চিকিৎসাসেবায় গত মাস পর্যন্ত ৫ হাজার ৩০০ রোগী চিকিৎসাসেবা নিয়েছে। ধীরে ধীরে নওগাঁর সব উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে। পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব শিগগির বৈকালিক চিকিৎসাসেবা চালু করা হবে।