এবার বসতবাড়িতে বসন্তবাউরির ছানা
এবার বসতবাড়িতে এসে আশ্রয় নিয়েছে দুর্লভ পাখি বসন্তবাউরির একটি ছানা। গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরের আরামবাগে একটি বেসরকারি সংস্থায় কর্মরত মো. আজিজুর রহমানের বাসায় উড়ে আসে পাখির ছানাটি। গতকাল মঙ্গলবার সেটি প্রতিপালনের জন্য সিলেটের পরিবেশ সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’-এর কাছে হস্তান্তর করা হয়।
এর আগে ১ জুলাই সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়ইকান্দি গ্রামে একটি বাড়ির পাশে মরা গাছ কাটতে গিয়ে কোটরে মেলে বসন্তবাউরির বাসা। সেখান থেকে দুটি ছানা উদ্ধার করে পরিচর্যা করছেন ভূমিসন্তান বাংলাদেশের সদস্যরা।
এই পাখি স্থানীয়ভাবে ‘বিদুরুক’ হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের পাখিবিশেষজ্ঞ শরীফ খান বসন্তবাউরি (ইংরেজি নাম Blue-throated Barbet) বলে শনাক্ত করেন। তিনি প্রথম আলোকে বলেন, বসন্তবাউরি দুর্লভ পাখি। বনের গাছের কোটরে এরা বাসা বাঁধে। ছোট ও বড় মিলিয়ে বসন্তবাউরির ছয়টি প্রজাতি রয়েছে। সব প্রজাতি বাংলাদেশে এখন দুর্লভ। স্বভাবে দুরন্তপনার এ পাখি নরম ফলাহারী। ঘন বনাঞ্চলে বসবাস করে। বাংলাদেশের মধ্যে সিলেট, পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন বন এলাকায় বসন্তবাউরির দেখা মেলে। তবে বনাঞ্চল ধ্বংস হওয়ায় পাখিটি দুর্লভ হয়ে পড়েছে। বসন্তবাউরির দুটি ছানা নিয়ে গত শনিবার প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।