
বাঁশের ভেলার নিচে থাকে খালি ড্রাম। তাতে ভর করে ভেসে ভেসে চলে পাথর উত্তোলনের অবৈধ যন্ত্র ‘বোমা মেশিন’। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির ধলাই নদে পাহাড়ি ঢলে এ যন্ত্র দিয়ে পাথর তোলা হচ্ছে। গতকাল সোমবার টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৯টি যন্ত্র ধ্বংস করেছে।
পাথর কোয়ারিতে ২০ থেকে ৪০ ফুট গভীর গর্ত করে চালানো হয় বোমা মেশিন। তবে বর্ষাকালে কোয়ারি এলাকা প্লাবিত হয়। তখন ভেলায় ভাসানো বোমা মেশিন দিয়ে পাথর তোলা হয়। এর নাম দেওয়া হয়েছে ‘ভাসাইন্যা বোমা মেশিন’।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, এবার পাহাড়ি ঢলে অসময়ে প্লাবিত হয়েছে ভোলাগঞ্জ পাথর কোয়ারিসহ আশপাশের এলাকা। গত প্রায় এক সপ্তাহের পর্যবেক্ষণ শেষে গতকাল নতুন কৌশলে অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়। দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ধলাই নদের প্রবেশমুখে টাস্কফোর্সের অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিবেশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৯টি ভাসাইন্যা বোমা মেশিন জব্দ করে। পরে সেগুলো নদে রেখেই ভেঙে পোড়ানো হয়।
টাস্কফোর্সের অভিযান শেষে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল লাইছ প্রথম আলোকে বলেন, একেকটি ভেলায় আটটি সিলিন্ডার যুক্ত করে তৈরি করা এ যন্ত্র বর্ষার উপযোগী করে বানানো। যন্ত্রপাতির দর অনুযায়ী প্রতিটি ভাসাইন্যা বোমা মেশিনের দাম দুই থেকে আড়াই লাখ টাকা। এ হিসেবে প্রায় অর্ধকোটি টাকার ১৯টি যন্ত্র ধ্বংস করা হয়। ইউএনও আরও বলেন, ভাসমান অবস্থায় যন্ত্রগুলো যখন চলে, তখন কোনো কারণে দুর্ঘটনা ঘটলে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। এ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করে যন্ত্র তৈরির কারখানার দিকেও নজরদারি রাখতে টাস্কফোর্স সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার পাথর কোয়ারিতে গত ২৩ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত বোমা মেশিন চালাতে গিয়ে নয়টি গর্তধসের ঘটনায় ১৬ জন শ্রমিক নিহত হন। এরপর থেকে প্রশাসন বোমা মেশিনের বিরুদ্ধে অভিযান শুরু করে।
বোমা মেশিন মূলত পাওয়ার পাম্প ও লোহার পাইপ দিয়ে স্থানীয়ভাবে তৈরি একধরনের পাথর তোলার যন্ত্র। এটি চললে বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ হয় বলে নাম দেওয়া হয়েছে ‘বোমা মেশিন’। এ যন্ত্র মাটির ৫০ থেকে ৬০ ফুট গভীর থেকে পাথর তুলতে সক্ষম। এতে ভূপ্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা আছে। এ কারণে ২০০৯ সালে এ যন্ত্র দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ করে পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনকে টাস্কফোর্সের অভিযান পরিচালনার নির্দেশ দেন উচ্চ আদালত।
পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আদালতের নির্দেশনায় গত সাত বছরে ৫৫০টি অভিযান পরিচালনা করে ১ হাজার ১৫০টি বোমা মেশিনসহ বিভিন্ন অবৈধ যন্ত্র ধ্বংস করা হয়েছে।