এবার বাংলা একাডেমিকে ধন্যবাদ প্রকাশকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে বইমেলা চলাকালীন বাংলা একাডেমির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন প্রকাশকেরা। তাদের সংগঠন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ক্ষোভ প্রকাশ করে আগামী বছর থেকে প্রকাশকদের হাতে মেলা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মেলা শেষের মাত্র সপ্তাহ খানেকের মধ্যেই মেলা আয়োজনের জন্য বাংলা একাডেমিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মহাপরিচালক শামসুজ্জামান খানকে ফুলেল শুভেচ্ছা জানালেন সমিতির নেতৃবৃন্দ।

আজ সোমবার বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের সভাকক্ষে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সঙ্গে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সমিতির প্রতিনিধিরা এবারের বইমেলা পরিচালনা ও সম্পন্নের জন্য প্রকাশকদের পক্ষ থেকে একাডেমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে আগামীবারের মেলা আরও সফল করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন তাঁরা।
সমিতির সভাপতি ওসমান গণির নেতৃত্বে সিনিয়র সহসভাপতি মেসবাহউদ্দিন আহমেদ, সহসভাপতি মাজহারুল ইসলাম, নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, পরিচালক মিলন কান্তি নাথ, নজরুল ইসলাম বাহার, শিহাবউদ্দিন ভূঁইয়া, একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।