এবার বাংলাদেশ থেকে হাজির সংখ্যা কমানো হয়েছে

সৌদি সরকার এ বছর বাংলাদেশের জন্য হাজিদের কোটা কমিয়ে দিয়েছে। এ বছর ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন হাজির পবিত্র হজ পালন করা কথা ছিল, কিন্তু ১২ হাজার ১১০ জন কমানো হয়েছে। এতে এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হাজি পবিত্র হজ করতে যেতে পারবেন।
আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৬ এবং পবিত্র হজ প্যাকেজ ২০১৬’ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই সংশোধনীতে এসব বিষয় উল্লেখ করা হয়। সৌদি সরকার বাংলাদেশ থেকে হাজিদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত জানানোর পর এ আইন সংশোধন করা হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, এবার হাজিদের কোরবানির টাকা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। এর আগে ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়ার যে সুযোগ ছিল, তা বন্ধ করা হয়েছে। এ ছাড়া হজ এজেন্সিগুলো আগে কমপক্ষে ৫০ জন হাজি নিতে পারত। কিন্তু এবার কমপক্ষে ১৫০ জন হাজি নিতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে প্রতিবছর ২৮ এপ্রিল ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উদ্যাপনের প্রস্তাব অনুমোদন করা হয়।