এবার বাংলাদেশের মঞ্চে 'সেভেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেভেন নাটকের পরিবেশনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা। ছবিটি আজ বুধবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টার থেকে তোলা। ছবি: সংগৃহীত।
সেভেন নাটকের পরিবেশনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা। ছবিটি আজ বুধবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টার থেকে তোলা। ছবি: সংগৃহীত।

এবার বাংলাদেশের মঞ্চে উঠতে যাচ্ছে সাত নারী অধিকারকর্মীর জীবনের সত্য কাহিনি নিয়ে রচিত নাটক সেভেন। ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ৬ মার্চ রাজধানীর ছায়ানট সেন্টারে নাটকটি মঞ্চস্থ হবে। বাংলাদেশের ছয়জন বিখ্যাত নারী ওই দিন তাঁদের কণ্ঠে গল্পটি তুলে ধরবেন।
আজ জাতীয় সংসদের মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। ইউএন উইমেন ও অ্যাকশন এইড বাংলাদেশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো, ডেনিস রাষ্ট্রদূত মিজ হ্যান ফুগল এস্কজেইয়ার, অ্যাকশন এইডের এ দেশীয় পরিচালক ফারাহ কবীর, ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস নবরেগা, বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমান, বাংলাদেশে ইউএন উইমেনের প্রতিনিধি ক্রিস্টিন হান্টার, ‘সেভেনে’র প্রকল্প ব্যবস্থাপক তোরে এরিকসন ।

এর আগে সেভেন নাটকটি বিশ্বের ৩২টি দেশে ২৩টি ভাষায় প্রদর্শিত হয়েছে। নাইজেরিয়া, কম্বোডিয়া, গুয়েতেমালা, আফগানিস্তান, উত্তর আয়ারল্যান্ড, রাশিয়া ও পাকিস্তানের সাতজন নারী অধিকারকর্মীরা জীবনের সত্য ঘটনার আলোকে নাটকটি রচিত। পৃথিবীর বিভিন্ন শহরে প্রতিবার সাতজন নতুন ব্যক্তিত্ব রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক প্রভৃতি ভূমিকায় নিজেকে উপস্থাপন করেন। সুইডিশ ইনস্টিটিউট ও ন্যাশনাল ট্যুরিং থিয়েটারের সহায়তায় এটি নির্মিত। বিশ্বের বিভিন্ন শহরে পরিবেশনের পরিকল্পনায় এটি নির্মাণ করা হয়।