এবার বাগমারার খয়রা বিলে গুলি করে জেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় আলোচিত খয়রা বিলের দখলদারেরা গতকাল বৃহস্পতিবার এক জেলেকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত জেলে আশরাফুল ইসলাম (২৮) শ্রীপুর গ্রামের জাবেদ আলীর ছেলে।
জাবেদ আলী অভিযোগ করেন, বিল দখলদার শ্রীপুর ইউপি চেয়ারম্যানের লোকজন তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিলে স্থানীয় জেলেরা মাছ ধরছিলেন। খবর পেয়ে বিলের দখলদার শ্রীপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেনের পক্ষের ১০-১২ জন সশস্ত্র লোক দুটি ইঞ্জিলচালিত নৌকা নিয়ে বিলের খামারপাড়া নামক স্থানে আসে। তারা জেলেদের লক্ষ্য করে রিভলবার ও শটগান থেকে কমপক্ষে ২০টি গুলি ছোড়ে। এতে আশরাফুল গুলিবিদ্ধ হন। আশরাফুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় তিনি মারা যান।
যোগাযোগ করা হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন চেয়ারম্যান মকবুল হোসেন। পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘জেলে মারা যাওয়ার খবর পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
মকবুল হোসেন, দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলীসহ আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতারা মিলে ওই বিল দখল করে মাছ চাষ করেন। স্থানীয় জেলেরাও বিলে মাছ ছাড়েন। এ নিয়ে একাধিকবার সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন বিলে ১৪৪ ধারা জারি করে।