এবার বাছিরনের পরীক্ষা দেখতে গেলেন ডিসি
এবার বাছিরনের পরীক্ষা দেখতে গেলেন মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) পরিমল সিংহ। সব পরীক্ষা শেষ হলে তিনি বাছিরনের বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
গতকাল বুধবার দুপুর ১২টায় ডিসি গাংনীর হোগলবাড়িয়া-মহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া ৬৫ বছর বয়সী বাছিরন নেছা সম্পর্কে খোঁজখবর নেন। তবে পরীক্ষায় ব্যাঘাত ঘটতে পারে বলে তিনি এ সময় বাছিরনের সঙ্গে কোনো কথা বলেননি। গত সোমবার বাছিরনের পরীক্ষা দেখতে গিয়েছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান। ইউএনও তাঁকে সম্মাননা ও আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ডিসি প্রথম আলোকে বলেন, ‘শেখার কোনো বয়স নাই। এটা সবাইকে অনুপ্রাণিত করবে। সব পরীক্ষা শেষ হলে তাঁর বাড়িতে যাব। তাঁর সঙ্গে একান্তসময় দেব। তাঁর কথা শুনব। যাতে এলাকার শিশুসহ সব বয়সের মানুষ উৎসাহ পায়।’
বাছিরনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ায়। তিনি গ্রামের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
ছোটবেলায় একই গ্রামের রইলউদ্দীনের সঙ্গে বিয়ে হয় বাছিরনের। প্রায় ৩০ বছর আগে তাঁর স্বামী মারা যান। তাঁর দুই মেয়ে ও এক ছেলের বিয়ে হয়েছে। এখন থাকেন ছেলের সংসারে।