
রাজধানীর মিরপুরে চুরি ও মারামারির অভিযোগে ১০ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় এবার মামলার বাদীকে তলব করেছেন আদালত। তাঁর নাম হাবিবুর রহমান। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন। এর আগে এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছিলেন আদালত।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক মারুফুল ইসলামের আজ আদালতে হাজির হওয়ার দিন ছিল। কিন্তু অসুস্থ থাকার কথা জানিয়ে আদালতের কাছে তিনি ১০ দিন সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন। তবে এবার মামলার বাদী হাবিবুর রহমানকে আদালত তলব করেছেন। কেন তিনি শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন, তা সাত দিনের মধ্যে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আদালত তলব করলে অবশ্যই যাব।’
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৬ জুন মধ্য পাইকপাড়ার আবুল কাশেম (৫৩), তাঁর দুই ছেলে রুবেল (৩০) ও তুষার (১৯) এবং আরিফুর রহমানসহ (৪৫) ২৩ জন আসামি অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর জমি দখল করতে আসেন। আসামিরা তাঁর দোচালা ঘরের টিন ভেঙে ফেলেন। ঘর থেকে সোনার চেইনসহ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে তাঁকে হুমকি দেন।
তদন্ত করে এসআই মারুফুল গত ২৭ ফেব্রুয়ারি শিশু রুবেল ও চার বছর আগে মারা যাওয়া আরিফুর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন বলে আসামিপক্ষ থেকে অভিযোগ আনা হয়। অভিযোগপত্র গ্রহণ–সংক্রান্ত শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম শিশু রুবেল ও আরিফুর রহমানের বিষয়টি আদালতের নজরে আনেন। পরে গত ৩০ এপ্রিল আদালত পুলিশ কর্মকর্তা মারুফকে তলব করেন।

আসামিপক্ষের আইনজীবী শফিকুল প্রথম আলোকে বলেন, এ নিয়ে শিশু রুবেল তিন দিন আদালতে হাজির হলো। আজও সে হাজির ছিল।
শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দপ্তর । সতর্ক করে দেওয়া হয়েছে পুলিশের আরও দুই কর্মকর্তাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত, মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে এপিবিএন মহালছড়িতে সংযুক্ত এবং মিরপুর জোনের এসি কাজী মাহবুবুল আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হচ্ছে। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হচ্ছে। মিরপুর জোনের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনারকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন...
১০ মাসের শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র!