এবার বাদীকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে চুরি ও মারামারির অভিযোগে করা মামলায় ১০ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় এবার বাদী হাবিবুর রহমানকে তলব করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন।
এর আগে এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক মারুফুল ইসলামকে তলব করেছিলেন আদালত।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আলতাফ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, মারুফুল ইসলামের গতকাল আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থ থাকার কথা জানিয়ে তিনি আদালতের কাছে ১০ দিন সময় চেয়ে আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। মামলার বাদী হাবিবুর রহমানকে আদালত তলব করেছেন। কেন তিনি শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন, তা ৭ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে হবে।
হাবিবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, তিনি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেবেন।
মারামারি ও চুরির অভিযোগ এনে হাবিবুর রহমান মিরপুর থানায় গত বছরের ২৬ জুন মামলা করেন। তদন্ত শেষে উপপরিদর্শক মারুফুল গত ২৭ ফেব্রুয়ারি রুবেল, আরিফুর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম আদালতে লিখিত আবেদন দিয়ে বলেন, রুবেল নামের যে আসামির বয়স ৩০ দেখানো হয়েছে, তার বয়স মাত্র ১০ মাস। আর আরিফুর রহমান মারা গেছেন চার বছর আগে।