এবার বাড়ল মাংসের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসের শুরুতে রাজধানীর বাজারে বেড়েছিল সবজি ও অন্য কয়েকটি পণ্যের দাম। গত সপ্তাহে বেড়েছে মাছের দাম। আর এবার ঈদের মাত্র কয়েক দিন আগে গতকাল শুক্রবার বাড়ল গরু ও খাসির মাংস এবং মুরগির দাম। পবিত্র শবে কদরকে উপলক্ষ করে গতকাল এই দাম বাড়ালেন ব্যবসায়ীরা। এই দাম বাড়ার কারণে মাংস নিম্নবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
রাজধানীর হাতিরপুল, কারওয়ান বাজার, সেগুনবাগিচাসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে মাংসের দাম বাড়ার এই চিত্র পাওয়া গেছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন প্রতি কেজি গরুর মাংসের দাম ২৭৫ টাকা নির্ধারণ করে দিলেও রোজার কয়েক দিন আগে থেকে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। গতকাল আরেক দফা বেড়ে বিক্রি হয়েছে ২৯০ থেকে ৩১০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, বাড়তি চাহিদার কারণেই এ মূল্যবৃদ্ধি। ক্রেতারা এই দাম বাড়ার জন্য দায়ী করেছেন সিটি করপোরেশনের তদারকির ব্যর্থতাকে।
একই রকম বেড়েছে খাসির মাংসের দাম। প্রতি কেজি খাসির মাংস গতকাল ৪৬০-৪৭০ টাকা বিক্রি হয়। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি ১৪৫ টাকা কেজি বিক্রি হয়েছিল, গতকাল তা বিক্রি হয় ১৬০-১৬৫ টাকা। দেশি মুরগি ও পাকিস্তানি ককের দামও আকারভেদে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে।
ইলিশের দাম তুলনামূলক বেশি। মাঝারি আকারের একটি ইলিশ গত সপ্তাহে ৭০০ টাকায় বিক্রি হলেও গতকাল ছিল ৯০০-১০০০ টাকা। এক কেজির বেশি ওজনের ইলিশ ১৩০০-১৬০০ টাকা বিক্রি হতে দেখা গেছে। অন্য মাছের মধ্যে রুই ৩৫০ ও কাতল ৪০০ টাকা, বোয়াল, আইড়, কোরাল ইত্যাদি ৫৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
মাছ-মাংসের পাশাপাশি চড়া দামে বিক্রি হয়েছে শসা, টমেটো ও কাঁচা মরিচ। শসা ৪৫-৫০ টাকা এবং টমেটো ও কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
বাজার ঘুরে জানা গেছে, ঈদ আয়োজনের অন্যতম পণ্য সেমাইয়ের দাম অল্পই বেড়েছে। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত ২০০ গ্রাম ওজনের লাচ্ছা সেমাই বিক্রি হয়েছে ৩০-৩৫ টাকা দরে। তবে সাধারণ মানের খোলা সেমাইয়ের কেজি ৫০-৬০ টাকা। খোলা লাচ্ছা সেমাই ১০০ টাকা কেজি।
তবে সেমাইয়ে ব্যবহৃত কিশমিশের দাম বেড়েছে। গতকাল প্রতি কেজি কিশমিশ বিক্রি হয়েছে মানভেদে ৪০০-৫০০ টাকা। আগে ছিল ৩৫০-৪০০ টাকা।
ভালো মানের এলাচির কেজি ১৮০০-১৯০০ টাকা। মানে একটু খারাপ এলাচির কেজি ১৪০০-১৫০০ টাকা। এ ছাড়া দারুচিনি ৩০০, আলুবোখারা ৪০০, লবঙ্গ ১৫০০, তেজপাতা ১৭০-১৮০ এবং জিরা ৩৮০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। প্রতিটি জায়ফলের দর ছিল ১০-১৫ টাকা।
আদা-পেঁয়াজের দরও বাড়তি। আমদানি করা ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৩৮-৪০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪০-৪২ টাকায় বিক্রি হয়েছে। চীনা আদার কেজি গত বছরে ৭৫-৮০ টাকা থাকলেও এবার তা ২৪০-২৫০ টাকা। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ভারতীয় আদা ১৮০-২০০ টাকা কেজি বিক্রি হয়েছে। দেশি রসুন ৭০-৭৫ টাকা ও চীনা রসুন ৮০-৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
পটল, চিচিংঙ্গা, ঝিঙে, কাঁকরোল, ঢ্যাঁড়সসহ কয়েকটি সবজির দাম ৩৫-৪০ টাকা কেজি। বেগুন ৫০ টাকা কেজি হয়েছে। চালের দামে কোনো পরিবর্তন হয়নি।