এবার বিএনপির প্রার্থীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচন বানচাল করার পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা।
ঝিনাইদহ প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
এর আগে গত সোমবার একই স্থানে সংবাদ সম্মেলন করে বিএনপির মেয়র পদপ্রার্থী মো. খলিলুর রহমান বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী কাজী আশরাফুল আজমের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর প্রমুখ।
সম্মেলনে নেতারা বলেন, গত রোববার খলিলুর রহমানের ইটভাটায় যে হামলার কথা বলা হয়েছে সেটা ঠিক নয়। ওই গ্রামটি তাঁর নিজের গ্রাম। বরং ওই দিন নৌকার কর্মীরা ওই এলাকায় ভোট চাইতে গেলে খলিলুরের লোকজন তাঁদের ওপর হামলা করেন।
হামলায় হোসেন আলী, সমসের আলী, রওশন আলী ও লাল্টু নামের নৌকা মার্কার পক্ষের চার কর্মী আহত হন। এ ঘটনায় থানায় মামলা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে খলিলুর রহমান বলেন, প্রতিদিনই তাঁর মাইক ভাঙচুর করা, কার্যালয় বন্ধ করে দেওয়া ও কর্মীদের মারধর করার ঘটনা ঘটছে। যা সবাই দেখছে। সব ধরনের শক্তি প্রয়োগ চলছে তাঁর নির্বাচনী এলাকায়। এরপরও সরকারি দলের লোকজন তাঁর বিরুদ্ধেই উল্টো অভিযোগ করছেন।