নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় পুলিশের দেওয়া প্রতিবেদনকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে হাইকোর্ট ওই ঘটনা তদন্ত করতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন। আগামী ৩ নভেম্বরের মধ্যে ঢাকার সিএমএমকে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে ৬ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।
শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
পরে জেড আই খান সাংবাদিকদের বলেন, ‘আদালতে আমরা একটা হলফনামা জমা দিয়েছি। এতে বলেছি, প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে তদন্ত কর্মকর্তা কখনো তদন্তকাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেননি। তদন্তকারী কর্মকর্তা তাঁর প্রতিবেদনে বলেছেন, কেউ দোষী নন। আদালত বলেছেন, পুলিশের এই প্রতিবেদন “গ্রহণযোগ্য” নয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই বিষয়ে তিনি ঢাকার সিএমএমকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।’
ঘটনার তদন্তে একজন জেলা ও দায়রা জজের নেতৃত্বে বিচারিক তদন্তের আদেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন আসকের আইনজীবী জেড আই খান। তিনি বলেন, ‘শিক্ষক শ্যামল কান্তি ভয়ের মধ্যে আছেন, তা আমি আদালতে জানিয়েছি।’
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৩ মে শিক্ষক শ্যামল কান্তিকে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা-প্রতিবাদের ঝড় ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি ওঠে। মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সাংসদ সেলিম ওসমানের কঠোর সমালোচনা করেন। তবে সেলিম ওসমান শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করছেন।
শিক্ষক লাঞ্ছনার ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন গত ১৮ মে আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মহসীন রশিদ। সেদিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। সাংসদ সেলিম ওসমানসহ ওই ঘটনায় যাঁদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, তা-ও জানতে চাওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বন্দর থানার ওসির পৃথক প্রতিবেদন আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। সেদিন আদালত ৮ জুনের মধ্যে স্থানীয় প্রশাসনের ‘সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ’ প্রতিবেদন দাখিল করতে বলেন। ৮ জুন জেলা প্রশাসক গৃহীত পদক্ষেপ সম্পর্কে নতুন করে প্রতিবেদন দেন। পুলিশ সুপার ও বন্দর থানার ওসি প্রতিবেদন দিতে ৬০ দিন সময় চাইলে ৯ জুন হাইকোর্ট শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় করা জিডির তদন্তের ফল হলফনামা আকারে দাখিল করতে পুলিশ সুপার ও বন্দর থানার ওসিকে নির্দেশ দেন। হলফনামা আকারে ৪ আগস্ট প্রতিবেদন জমা দিতে বলা হয়। গত ৭ আগস্ট পুলিশের দেওয়া ওই প্রতিবেদন পড়ে শোনায় রাষ্ট্রপক্ষ।
পুলিশ প্রতিবেদনে শ্যামল কান্তির জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে, ‘ঘটনার দিন স্থানীয় এমপি সেলিম ওসমান বিদ্যালয়ে আসলে উচ্ছৃঙ্খল জনতা আমাকে জুতার মালা দিয়ে ঘোরাতে ও কান ধরে ওঠ-বস করানোর দাবি করে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ও তাদের শান্ত করার জন্য কান ধরে ওঠ-বস করার ঘটনাটি ঘটে আকস্মিকভাবে। আমি এবং এমপি সেলিম ওসমান মহোদয় ঘটনার পরিস্থিতির শিকার।’ পুলিশের প্রতিবেদনে বলা হয়, ‘শিক্ষক শ্যামল কান্তি ভক্তসহ ওই প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট (বিদ্যালয়) কোনো ব্যক্তিরই কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। এমনকি ঘটনায় জড়িত করে কারও সম্পর্কে কেউ কোনো ধরনের জবানবন্দি বা বক্তব্যও দেননি। তাই এ বিষয়ে কারও বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’
এ ঘটনার ব্যাখ্যাদানকারী হিসেবে আইন ও সালিশ কেন্দ্র এ মামলায় পক্ষভুক্ত হয়ে আদালতকে জানায়, এ ঘটনার তদন্তে পুলিশ শ্যামল কান্তির সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি।
শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় বন্দর থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত করেন ওই থানার উপপরিদর্শক মোকলেছুর রহমান। তাঁর করা তদন্ত প্রতিবেদনে শ্যামল কান্তিসহ ১১ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। এসব জবানবন্দিসহ তদন্ত প্রতিবেদন ২ আগস্ট নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দাখিল করেন পুলিশের এই কর্মকর্তা। ৩ আগস্ট আদালত তা নথিভুক্ত করে আদেশ দেন। প্রতিবেদনে শ্যামল কান্তি এবং বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি, কমিটির সদস্য, অভিভাবক সদস্য, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান, কয়েকজন শিক্ষকসহ ১০ ব্যক্তির জবানবন্দিতে আসা তথ্যের বরাত দেওয়া হয়।
শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের বিচারের দাবির মধ্যেই তাঁকে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ। এর দুই দিনের মাথায় শিক্ষা মন্ত্রণালয় স্কুল কমিটির ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে বলে, প্রধান শিক্ষক তাঁর পদে বহাল আছেন। নিয়মবহির্ভূত সিদ্ধান্ত নেওয়ায় স্কুল কমিটিও বাতিল করে মন্ত্রণালয়। চিকিৎসা শেষে গত ১০ জুলাই কর্মস্থলে যোগ দেন শ্যামল কান্তি ভক্ত।