এবার বিজয় দিবসে আ.লীগের উপহার লাশ: তরিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিজয় দিবসে ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতিকে লাশ উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সমন্বয়ক ও দলের মুখপাত্র তরিকুল ইসলাম। বিজয় দিবস উপলক্ষে গতকাল রোবার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।তরিকুল ইসলাম দাবি করেন, প্রধানমন্ত্রীর হাত মানুষের রক্তে রঞ্জিত। এই বিজয়ের মাসে তাঁর নিজস্ব বাহিনী বিশ্বজিৎ দাসকে হত্যা করেছে। সারা দেশে এ রকম অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এভাবে আওয়ামী লীগ বিজয়ের মাসে অসংখ্য লাশ উপহার দিয়েছে।এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র সুসংহত করাই বিজয় দিবসে বিএনপির অঙ্গীকার।এ সময় যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে তা হতে হবে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও নিরপেক্ষ মানদণ্ডে।খালেদার গাড়ি আটকানোর অভিযোগ: তরিকুল ইসলাম অভিযোগ করেন, বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে সকালে খালেদা জিয়া যাতে সময়মতো স্মৃতিসৌধে পৌঁছাতে না পারেন, সে জন্য তাঁর গাড়ি প্রায় ৪০ মিনিট আটকে রেখেছিল পুলিশ।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সকাল সাড়ে সাতটার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে সাড়ে আটটার দিকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।মুসলমানদের ভোট পেতে রাষ্ট্রধর্ম: বিজয় দিবস উপলক্ষে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত দুই দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি দাবি করেন, শুধু মুসলমানদের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছে। অন্যদিকে বিদেশিদের দেখানোর জন্য বলছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। জনগণকে বিভ্রান্ত করার জন্যই আওয়ামী লীগের এ ধরনের বিভিন্ন চটকদার কৌশল।দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পুরান ঢাকায় নিহত বিশ্বজিৎই এ সরকারের কফিনে শেষ পেরেক। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, ‘ম খা আলমগীর এই সরকারের জন্য মহাসংকট, মহা অভিশাপ। তিনি এই সরকারের পতনের সব পথ উন্মুক্ত করছেন।’জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।