এবার বিনা বাধায় সায়েদাবাদের অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়েদাবাদের জনপথ মোড়ের ট্রাকস্ট্যান্ডসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গতকাল উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ (বাঁয়ে)। উচ্ছেদের পর দখলমুক্ত এলাকা (ডানে) l প্রথম আলো
সায়েদাবাদের জনপথ মোড়ের ট্রাকস্ট্যান্ডসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গতকাল উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ (বাঁয়ে)। উচ্ছেদের পর দখলমুক্ত এলাকা (ডানে) l প্রথম আলো

অবশেষে সায়েদাবাদের জনপথ মোড়ের সেই অবৈধ ট্রাকস্ট্যান্ডটি গতকাল সোমবার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷ স্ট্যান্ডে গড়ে ওঠা ট্রাকচালক, মালিকদের দুটি কার্যালয়সহ প্রায় ৩০টি স্থাপনাও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়৷
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, মামুন সরদার ও খান মোহাম্মদ নাজমুস শোয়েব৷ গত রোববার ‘সায়েদাবাদের অবৈধ ট্রাকস্ট্যান্ড ওঠেনি’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপানো হয়েছিল৷ এর এক দিন পরই স্ট্যান্ডটি উচ্ছেদ করল ডিএসসিসি৷
এর আগে গত ১ সেপ্টেম্বর এই ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদে অভিযান চালিয়েছিল ডিএসসিসি৷ কিন্তু ডিএসসিসির ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান এবং পরিবহনশ্রমিক ও মালিকদের বাধার মুখে মাঝপথে তা বন্ধ হয়ে যায়। ওই সময় এক নির্বাহী হাকিমকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। পরে ৭ সেপ্টেম্বর কাউন্সিলর কাজী হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তিনি বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নের সায়েদাবাদ শাখার সভাপতি। এই স্ট্যান্ডে হাবিবুরের ৮ থেকে ১০টি ট্রাক নিয়মিত রাখা হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন৷
সায়েদাবাদের জনপথ মোড়ের দক্ষিণ পাশে প্রায় ৮০ শতাংশ খালি জায়গা ও সড়কের ওপর ছিল ওই ট্রাকস্ট্যান্ড৷ এই স্ট্যান্ডে যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুলের পশ্চিম পাশ থেকে সায়েদাবাদে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার পথ পর্যন্ত প্রায় দেড় শ ট্রাক রাখা ছিল৷ গতকাল বেলা ১১টায় ফ্লাইওভারে ওঠার পথ থেকে তিনটি বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। ওই সময় বেশ কয়েকজন চালককে তাঁদের ট্রাক নিয়ে দ্রুত সরে যেতে দেখা যায়। চারটি অকেজো ট্রাক বুলডোজারের ধাক্কায় রাস্তার একপাশে সরিয়ে এনে রাখা হয়। এভাবে বেলা একটা পর্যন্ত সব ট্রাক স্ট্যান্ড থেকে সরানো হয়৷ এ সময় স্ট্যান্ডের দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর ঘেঁষে ওঠা বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নের সায়েদাবাদ শাখা মালিক সমিতির কার্যালয়সহ প্রায় ৪০টি বিভিন্ন ধরনের দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়৷ কার্যালয় দুটি ও দোকানের মালামাল আগেই সরিয়ে রাখা হয়েছিল৷ বেলা তিনটার পর থেকে এই স্ট্যান্ডটির চারপাশে ইটের সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়৷ ভেতরে ছয়টি ময়লার কনটেইনারও রাখা হয়৷
ডিএসসিসি সূত্র জানায়, ১ সেপ্টেম্বর ওই স্ট্যান্ডে অভিযান চালিয়ে প্রায় ৫০ থেকে ৬০টি ট্রাক সড়ক থেকে সরানো হয়েছিল৷ ওই দিন বিকেলেই সড়কের পাশে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়৷ কিন্তু পরদিনই সীমানাপ্রাচীরের সামনে সড়কের ওপরই আবার ট্রাক রাখেন চালক ও মালিকেরা৷ এর ফলে গত শনিবার স্ট্যান্ড এলাকায় উচ্ছেদের কোনো আলামত দেখা যায়নি৷
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ১ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান চালানোর সময় পরিবহনশ্রমিক ও মালিকেরা বাধা দেন। তাঁদের বাধার কারণে তা মাঝপথেই বন্ধ করে দিতে হয়। গতকাল কেউ বাধা দিতে আসেননি। ট্রাকস্ট্যান্ডটিকে সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে। পরবর্তী সময় যাতে কেউ ট্রাক রাখতে না পারেন, তাই সীমানাপ্রাচীর দেওয়া হয়েছে৷ এ ছাড়া এই ট্রাকস্ট্যান্ডের কারণে জনপথের মোড়ে দিনভর যানজট লেগে থাকত৷ পুরো এলাকাটি নোংরা অবস্থায় ছিল৷ এখন যানজট নিরসন হবে।