এবার বিলাইছড়িতে ব্যবসায়ী অপহরণ মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রেখ্যং নদী থেকে মো. আবুল কালাম (৫২) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই কোটি টাকা দাবি করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।এর আগে গত সোমবার কেওলা প্রু মারমা (৫০) নামের এক উপজাতি কার্বারিকে (পাড়ার প্রধান) কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহরণ করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার কাপ্তাই উপজেলা থেকে বিলাইছড়ি হয়ে ফারুয়া ইউনিয়নে যাওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে একটি যাত্রীবাহী ট্রলার (ইঞ্জিনচালিত দেশি নৌকা) থেকে মো. আবুল কালামকে অপহরণ করা হয়। ট্রলারটি বিলাইছড়ি উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে মালুম্যা এলাকায় পৌঁছালে সাত থেকে ১০ জনের একটি সশস্ত্র দল তাঁকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। এরপর রাতে তাঁর মুঠোফোন থেকে বাড়িতে যোগাযোগ করে দুই কোটি টাকা দাবি করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আবুল কালামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঈসাখালী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ফারুয়া বাজারে ব্যবসা করছেন এবং ওই ইউনিয়নের সার ডিলার।বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, স্থানীয় সেনাবাহিনীর কাছ থেকে তিনি অপহরণের ঘটনাটি নিশ্চিত হয়েছেন। সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ওই এলাকায় অভিযান শুরু হয়েছে। একদল পুলিশকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে পরিবার বা কারও কাছ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।