এবার বুঝিয়ে-সুঝিয়ে পুনর্বাসন কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনেহিঁচড়ে কিংবা জোর করে নয়, এবার বুঝিয়ে–সুঝিয়ে-মাইকিং করে দুস্থ অসহায় পথশিশু ও শীতার্তদের পুনর্বাসনের কার্যক্রম চালাল সমাজসেবা অধিদপ্তর। গতকাল রোববার রাতে কর্মকর্তারা কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এ কার্যক্রম চালান।
গত শনিবার রাতে জোর করে পথশিশুদের গাড়িতে ওঠানোয় ক্ষিপ্ত হয় জনতা ও স্বজনেরা। তারা শিশুদের কেড়ে নিয়ে গাড়িতে ভাঙচুর চালায়।
কিন্তু গতকাল রোববার রাত ১০টার দিকে কারওয়ান বাজারে মাইকিং করে চলে প্রচারণা। বলা হয়, অসহায়-নিঃস্ব পথশিশু ও শীতার্তদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর। এরই অংশ হিসেবে রাজধানীতে পাঁচটি দলের তত্ত্বাবধানে চলছে এ কার্যক্রম। এতে সবার সহযোগিতা কামনা করা হয়।
অভিযানের সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওমর ফারুক, সমাজসেবা অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) দায়িত্বে থাকা আইয়ুব হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সময় দেখা যায়, কয়েকজন শিশু ও নারী-পুরুষকে একটি মাইক্রোবাসে ওঠানো হয়েছে। রমজান নামের এক শিশু জানায়, ‘নিজ ইচ্ছায় থাকার জন্য যাইতেছি।’ রাসেল নামের এক শিশু জানায়, ‘ভালোমতো ঘুমানোর জন্য যাইতেছি।’ কুসুম নামের এক নারী জানান, ‘কম্বল পামু। তাই যাইতেছি।’
কারওয়ান বাজারে আন্ডারপাসের কাছে এক কিশোরের কাছে যান কর্মকর্তারা। তাঁরা তাকে পুনর্বাসনকেন্দ্রে গেলে কী কী সুবিধা হবে তা বোঝাতে থাকেন। একপর্যায়ে ওই কিশোর রাজি হয়। কিন্তু পরে সে জানায়, তার ভাই আসলে তার সঙ্গে কথা বলেই যেতে চায়। কর্মকর্তারা তাকে বলেন, ‘ঠিক আছে, তোমার ভাই আসলে তুমি চলে এস।’ এরপর ওই কিশোর চলে যায়।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক আইয়ুব হোসেন বলেন, মিরপুর চিড়িয়াখানা রোডে একটি কেন্দ্রে এদের রাখা হবে। সেখানে লেখাপড়া, বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সুবিধা আছে। পুরো শীত মৌসুম পর্যন্ত এ অভিযান চলবে।